
কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ১১০টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
অনুষ্ঠানে জানানো হয়, ইতোপূর্বে ৫০০ কেজি করে চাল দেওয়া হতো, বর্তমান সরকার আরো ১০০ কেজি করে বাড়িয়ে দিয়েছে। এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার ৫৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি বরাদ্দের চাল দেওয়া হয়েছে। সে হিসাবে মোট ৩৩ হাজার কেজি বা ৩৩ মেট্রিক টন চাল বরাদ্দের আওতায় প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও (বরাদ্দপত্র) তুলে দেওয়া হয়।
এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে যে বরাদ্দ দেওয়া হয়েছিলো তাতে প্রধানমন্ত্রী নিজে আরো ৫ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহাদি হাসান শিহাব, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার এবং সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ। এ ছাড়া উপজেলার ৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে, বিকাল ৩টায় আশাশুনি উপজেলার ৫৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
মন্তব্য করুন