
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
বুধবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী খেয়াঘাটসংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি নদীভাঙন রোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
পরিদর্শনকালে এমপি আবুল কালাম আজাদ বলেন, নদীভাঙন উপকূলীয় জনপদের মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও পরিবেশ বিপর্যয়ের কারণে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিচ্ছে। এতে কৃষিজমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হচ্ছে।
তিনি আরও বলেন, সামনে ঘূর্ণিঝড়ের মৌসুম আসন্ন। এর আগেই নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। মাহমুদকাটীসহ বিভিন্ন এলাকায় নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, চেয়ারম্যান প্রার্থী মুফতি মাওলানা আব্দুল হান্নান, ডা. কালিদাস রায় প্রমুখ।
মন্তব্য করুন