
কয়রা (খুলনা) প্রতিনিধি: জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা, মিঠাপানির উৎস সংরক্ষণ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে খুলনার কয়রায় খাল ও পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে কয়রা সদরের দেউলিয়া বাজারসংলগ্ন খাল এবং চেয়ারম্যান বাড়ির মিঠাপানির পুকুর থেকে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা, লতাপাতা ও পরিবেশদূষণকারী বর্জ্য পরিষ্কার করা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ফর লাইভলিহুড জাস্টিস’ প্রকল্পের আওতায় এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড।
পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন, কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমন, ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন, সাংবাদিক ফরহাদ হোসেন, লিডার্সের প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান প্রমুখ। যুবকদের অংশগ্রহণে খাল ও পুকুরের ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
উপকূলীয় জনপদ কয়রায় খাল ও পুকুর শুধু পানির উৎস নয়, স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। এসব জলাশয়ে ময়লা-আবর্জনা জমে থাকলে পানির গুণগত মান ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জলাশয় পরিচ্ছন্ন রাখা, মিঠাপানির উৎস সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করা ইকোসিস্টেম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলাশয় রক্ষায় সম্মিলিত অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন