
ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে অন্তর্ভুক্ত হওয়া নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টায় সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শহীদ হাসান বাবু। অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবীন আইনজীবীদের মধ্যে বক্তব্য দেন মো. আব্দুস সামাদ, তনুজা পিয়াসী শাওলীন ও শারমিন সুলতানা রিমা।
আরও বক্তব্য দেন অ্যাডভোকেট বাহারুল ইসলাম, অ্যাডভোকেট হাসিব, অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট রেজাউল করিম রকি ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, আইন পেশা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ পেশায় সফল হতে হলে আইনের জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নিষ্ঠা, ধৈর্য ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি। তাঁরা নবীন আইনজীবীদের নিয়মিত আইনচর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জ্যেষ্ঠ আইনজীবীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শহীদ হাসান বাবু বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে অধ্যবসায়, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মক্কেলের স্বার্থ রক্ষার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নবীন আইনজীবীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়িয়ে মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের প্রীতি উপহার প্রদান করা হয়।
মন্তব্য করুন