
ডেস্ক রিপোর্ট: দেশব্যাপী শিশুনির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা পিটিআই মাঠ সংলগ্ন সড়কে এক্টিভিস্টা সাতক্ষীরার আয়োজনে ও বেসরকারি সংস্থা সিডো’র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবনন্ধনে যুব সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক ও মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, জেলা সম্প্রীতি ও সুরক্ষা কমিটি, ইয়ূথ অ্যালায়েন্স নেটওয়ার্ক, সিডো, স্বদেশ, প্রগতি, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানাবধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বিডি ক্লিন, ভিবিডি, জেডিএফ, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ নেন।
এসময় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু হত্যা, নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং মব সৃষ্টির মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা সমাজে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করে। এসব সহিংসতা ব্যক্তির মৌলিক অধিকার ও মানবিক মর্যাদাকে ক্ষুণ্ন করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাসকে দুর্বল করে।
তারা আরো বলেন, অপরাধের অভিযোগে কাউকে গণপিটুনি দেওয়া, জনতার চাপে শাস্তি প্রদান কিংবা গুজব ও উসকানির ভিত্তিতে সহিংসতা সৃষ্টি কোনোভাবেই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। অপরাধের নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায়সংগত বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
মন্তব্য করুন