
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতাল থেকে বের করে এনে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি ফজলুল হক আমিনী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জবানবন্দি গ্রহণ করেন।
সাতক্ষীরা কোর্ট ইন্সপেক্টর নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শনিবার (১৭ অক্টোবর) রাতে জেলার কালীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে রোববার (১৮ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে এসআরবি-৬। বিকেল ৪টার দিকে তাকে আদালতে পাঠায় পুলিশ।
থানায় হস্তান্তর কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনী বলেন, আইনের দৃষ্টিতে আমি অপরাধী। যে কাজটি করেছি, আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। আল্লাহ পাক ফয়সালা করবেন। পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়ে গেছে।
শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় অনুতপ্ত কি না, জানতে চাইলে আমিনী বলেন, অনুতপ্ত নই। সে যে ওভাবে নাস্তিক ছিল, আমরা ধারণা পাইনি। বিভিন্ন দেশ থেকে নাস্তিকেরা যেভাবে মোবাইল করে হুমকি দিয়েছে, তাতে নিশ্চিত হয়েছি, সে নাস্তিক ছিল।
এর আগে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন বলেন, ফজলুল হক আমিনী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে জানিয়েছেন। এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে পুলিশ।
মন্তব্য করুন