
ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের আকবর পয়েন্টে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তাদের আশঙ্কা, এ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনসংলগ্ন এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মক ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে আমদানিনির্ভর জ্বালানি অবকাঠামো সম্প্রসারণ দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
বৃহস্পতিবার নগরীর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ‘আমরাই আগামী’, ‘ক্লাইমেট কানেক্টস’, ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম’, ‘ক্লিন’ এবং ‘বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট’সহ (বিডব্লিউজিইডি) বিভিন্ন পরিবেশবাদী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনসংলগ্ন আকবর পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মিত হলে সামুদ্রিক ও উপকূলীয় পরিবেশ, অনন্য জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন না করে এ ধরনের প্রকল্প এগিয়ে নেওয়া উচিত নয়। তাই সরকারকে এ পরিকল্পনা থেকে সরে আসতে হবে।
জ্বালানি ও অর্থনৈতিক ঝুঁকির কথা তুলে ধরে তাঁরা বলেন, এলএনজি আমদানিনির্ভর অবকাঠামো দেশের বৈদেশিক মুদ্রার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। টার্মিনাল নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এলএনজির দামের ওঠানামা দেশের জ্বালানি খাতে অতিরিক্ত অর্থনৈতিক বোঝা তৈরি করবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতের বিদ্যমান উৎপাদন সক্ষমতা ও প্রকৃত চাহিদা বিবেচনা না করে নতুন এলএনজি টার্মিনাল কিংবা এলএনজিনির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তা অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পরিণত হতে পারে।
মানববন্ধন থেকে নতুন এলএনজি টার্মিনাল ও জীবাশ্ম জ্বালানিনির্ভর অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিদ্যুৎ খাতের প্রকৃত চাহিদা, বিদ্যমান উৎপাদন সক্ষমতা, পরিবেশগত ঝুঁকি ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে জ্বালানিসংক্রান্ত পরিকল্পনা করতে হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় মানুষের অধিকার, পরিবেশ সুরক্ষা এবং জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
ইয়ুথ ফোর্সের সহপ্রতিষ্ঠাতা এস এম শাহিন সিরাজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশ গবেষক গৌরাঙ্গ নন্দী, আবু হেনা মোস্তফা জামাল পপুল, জলবায়ু কর্মী রবিউল ইসলাম, ক্লিনের সাদিয়া রওশন অধরা ও মাহবুব আলম প্রিন্স প্রমুখ।
মন্তব্য করুন