
বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী ফেরিঘাট এলাকা থেকে ট্রাক ভর্তি ৩ হাজার ৮৫০ কেজি শামুক জব্দ করেছে বনবিভাগ। এসময় ট্রাক চালক মোঃ রিপন (৩২) কে আটক করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ এরফান উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এসব শামুক জব্দ করেন।
আটক রিপন খুলনার বটিয়াঘাটার মৌজে আলীর ছেলে।
বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ এরফান উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াবেকী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকে লোডকৃত ৭৭ বস্তায় ভর্তি ৩ হাজার ৮৫০ কেজি আহরণ নিষিদ্ধ শামুক জব্দ করা হয়েছে। এসময় পরিবহনের কাজে ব্যবহৃরিত ট্রাকটি জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, আটক রিপনকে আদালতে পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত শামুক অবমুক্ত করা হবে।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল শ্যামনগরের নকিপুর বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়। এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাতে কোবাদক স্টেশনের কঞ্চির খালে অভিযান চালিয়ে ৪টি নৌকাসহ ৮ জন শামুক আহরণকারীদের আটক করে বনবিভাগ। ২০২৫ সালের ২৭ নভেম্বর মুন্সিগঞ্জের হাজির মোড় থেকে ৮৬০ কেজি শামুক ও তার কিছুদিন পরে ১৮ বস্তা শামুক জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন