
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর মৌজায় রেকর্ডীয় জমি ‘ভিপি সম্পত্তি’ দেখিয়ে বহিরাগতদের নামে একসনা বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জমির মালিক ও এলাকাবাসী।
মঙ্গলবার গদাইপুরের নতুন বাজার এলাকার নতুন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, ইউপি সদস্য ও শ্রমিকদল নেতা মশিউর রহমান মিলন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. ইকবাল, বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, জমির মালিক সৌগত ঘোষ সোহাগ, মোহর আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গোপালপুর মৌজায় অবস্থিত প্রায় ৩৭ শতক জমি ‘ভিপি সম্পত্তি’ হিসেবে দেখিয়ে সম্প্রতি বহিরাগতদের নামে একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছে। তাদের দাবি, জমিটি সৌগত ঘোষসহ স্থানীয় কয়েকজনের পূর্বপুরুষের রেকর্ডীয় সম্পত্তি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
জমির মালিক সৌগত ঘোষ সোহাগ বলেন, ওই জমি ভিপি তালিকাভুক্তির বিরুদ্ধে এবং জমির স্বত্ব নিয়ে আদালতে মামলা হয়েছে। সিনিয়র সহকারী জজ আদালত, পাইকগাছা এবং জেলা জজ আদালত থেকে এ বিষয়ে পৃথক দুটি রায়ও পেয়েছেন তারা। একই সঙ্গে জমিটি ভিপি তালিকা থেকে অবমুক্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আদালতের রায় ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমিটি বন্দোবস্ত দেওয়া হয়েছে। বন্দোবস্ত পাওয়ার পর সেখানে ঘর নির্মাণের চেষ্টা করলে স্থানীয়রা তা ভেঙে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে কথিত অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবি জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেন।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী বলেন, যেহেতু এটি ভিপি সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত, সেহেতু রাজস্ব আদায়ের লক্ষ্যে বন্দোবস্ত দেওয়া হয়েছে।
মন্তব্য করুন