ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সু-সংহতকরণ প্রকল্পের (২ পর্যায়ে) অনুমোদন ও ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফেজ মাও. শরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফেজ মাও. জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী নাজমুল হক, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারাদেশে কর্মরত ১ হাজার ১০ জন ইবতেদায়ী শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক দীর্ঘ ৫ মাস যাবত বেতনভাতা পাচ্ছেন না। বেতনভাতা না পেয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। সেই সাথে মাদরাসা শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিগত ঈদুল ফিতরে তারা বেতন বোনাস না পাওয়ায় ঈদের সেমাই চিনি পর্যন্ত কিনতে পারেনি। দ্বিতীয় পর্বের প্রকল্প পাশ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০২০ সালে প্রকল্পে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বেতন বোনাসসহ এক বছরের পাওনাদি পরিশোধ করা হয়নি। আমরা চাই দারুল আরকাম ইবতদায়ী মাদ্রাসা পরিচালনা ও সু-সংহতকরণ প্রকল্প (২য় পর্যায়) দ্রুত অনুমোদন ও আসন্ন ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হোক।
মানববন্ধন শেষে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়।
মন্তব্য করুন