ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টিতে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ১৮টি জেলায় ২শ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন,
একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমূখর নির্বাচন উপহার দেয়ার প্রয়াসে বিজিবি তাদের সকল সদস্যের ব্যক্তিগত ছুটি ও উদযাপন পরিহার করে রেকর্ড সংখ্যক সদস্য নিয়োগের পরিকল্পনা করেছে।
এর পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকার ১৮টি জেলায় ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। উপজেলা ভেদে সর্বোচ্চ ০৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে ১০৮টি উপজেলায় বিজিবি মোবাইল ও ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিজিবি’র বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যে কোন জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবি’র হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহুর্তের মধ্যেই যে কোন ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
এরই অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ০৩টি জেলায় ২১টি উপজেলার ১২টি সংসদীয় আসনে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। উপজেলা ভেদে সর্বোচ্চ ০৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে ২১টি উপজেলায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংরক্ষণের জন্য ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।

মন্তব্য করুন