
ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে চেতনানাশক ওষুধ স্প্রের পর দরজা ভেঙ্গে এক শিক্ষকের বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনাসহ সাড়ে আট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাতে উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
গত এক সপ্তাহ আগে পাশের গ্রাম কাপসন্ডা থেকে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাড়ি থেকে একইভাবে মালামাল লুটের ঘটনা ঘটেছিল।
পারিশামারী ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও চেউটিয়া গ্রামের মৃত মাওলানা গোলাম রহমান সরদারের ছেলে আঃ হাই সরদার জানান, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি। পশ্চিম পাশের রুমে আমার বৃদ্ধ মাতা সালেহা খাতুন ও আমার বড় কন্যা মোছাঃ মাহিরা খাতুন (৬) ঘুমায় । ভোর রাতে নামাজ পড়তে উঠে দেখতে পাই দরজা ভাঙ্গা। ঘরের আলমারির জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে।
ওই শিক্ষকের স্ত্রী মাফুজা খাতুন জানান, চোরেরা ভিতরে প্রবেশ করে আলমারির মধ্যে লুকিয়ে রাখা নগদ ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ নিয়ে গেছে। চোরেরা বাড়ির সব কয়টি রুম তল্লাশি চালায়। চেতনা নাশক ওষুধ স্প্রে করার কারণে ঘুম ঘুম ভাব লাগছে । চোখে ঠিক মত দেখতে পাচ্ছি না।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এক সপ্তাহের ব্যবধানে মুক্তিযোদ্ধা ও শিক্ষকের বাড়িতে একই কৌশল অবলম্বন করে মালামাল লুটের ঘটনায় এলাকায় ব্যাপক আতংক বিরাজ করছে।
মন্তব্য করুন