জি.এম.মিন্টু, কেশবপুর (যশোর): বাংলাদেশের মাটিতে সৌদি আরবের মরিয়ম জাতের খেজুর চাষ করে সাফল্য পেয়েছেন যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের নুসরাত জাহান লিজা। যা ¯œাতক অধ্যয়নরত লিজার কৃষিকাজে আগ্রহের প্রমাণ দেখিয়েছে।
বাড়ির উঠানে তিনি নিজের হাতে রোপণ করেছেন ৪০টি খেজুর গাছ। গাছগুলোর বয়স এখন চার থেকে পাঁচ বছর। এবার প্রথমবারের মতো তার তিনটি খেজুর গাছে ফল এসেছে, যা স্থানীয়দের মাঝে সাড়া ফেলেছে। বিশেষ করে মরিয়ম জাতের খেজুর সবচেয়ে ভালো হয়েছে তার বাড়িতে।
সৌদি খেজুরের যাত্রা মঙ্গলকোটে :
লিজা জানান, সৌদি আরবে অবস্থানরত এক আত্মীয়ের মাধ্যমে প্রথমে খেজুরের বিচি সংগ্রহ করেন তিনি। এরপর নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় তা রোপণ করেন। শুরুতে গাছগুলো টব এবং ড্রামে বড় করলেও পরে বাড়ির উঠানেই তা মাটিতে স্থানান্তর করেন। এরপর গাছগুলো একে একে বেড়ে উঠতে থাকে এবং কিছুদিন পর গোড়া থেকে নতুন চারা বের হতে শুরু করে, যা সৌদি খেজুরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
বর্তমানে তার রোপণকৃত গাছগুলোর তিনটিতে খেজুর ধরেছে। এর আগে একটি গাছে পরীক্ষামূলকভাবে ১০-১২ কেজি পর্যন্ত খেজুর উৎপাদিত হয়েছিল। এবছর তিনি আশাবাদী যে, তিনটি গাছ থেকে প্রায় ৩ লাখ টাকার খেজুর বিক্রি করতে পারবেন, কারণ বাজারে সৌদি খেজুরের দাম প্রতি কেজি ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত।
পাকা খেজুরের বাজার সম্ভাবনা :
বর্তমানে তার গাছের খেজুরগুলো পাক ধরতে শুরু করেছে। এক থেকে দেড় মাসের মধ্যেই খেজুর পূর্ণাঙ্গ পাকবে এবং বাজারজাত করার জন্য প্রস্তুত হবে। ইতোমধ্যে কেশবপুর উপজেলা কৃষি অফিসের কিছু কর্মকর্তা সরজমিনে লিজার খেজুর বাগান পরিদর্শন করেছেন। তারা এই উদ্যোগকে একটি ‘উদাহরণযোগ্য চাষাবাদ মডেল’ হিসেবে মূল্যায়ন করেছেন।
স্থানীয়দের আগ্রহ ও চাষ সম্প্রসারণ :
লিজার এই উদ্যোগ দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। প্রতিবেশীরা তার গাছ দেখতে আসেন এবং খেজুর চাষ সম্পর্কে পরামর্শ নেন। উপজেলার সাতবাড়িয়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম এর আগেও সৌদি খেজুর গাছ লাগিয়ে ছিলেন এবং সেই উৎসাহেই অনেকে নতুন করে চাষে আগ্রহী হচ্ছেন।
এছাড়া পাশ্ববর্তী আলতাপোল গ্রামের জি. এম. মনিরুজ্জামান ও আটন্ডা গ্রামের মহিবুল্লাহ বাচ্চু নামের স্কুল শিক্ষক এ জাতের গাছ রোপণ করেছেন। যদিও গত বছরের বন্যায় কিছু গাছ মারা গেছে, তবুও এখনো অনেক গাছ বেঁচে আছে এবং ফল দিতে শুরু করেছে।
বাংলাদেশের মাটিতে সৌদি খেজুরের উপযোগিতা :
বাংলাদেশে সৌদি খেজুর চাষ এখন আর শুধু গবেষণার বিষয় নয়, বাস্তব চাষাবাদেও সফলতা পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বিশেষ করে যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, গাজীপুর ও কেশবপুরের মাটি সৌদি খেজুর চাষের জন্য অত্যন্ত উপযোগী। কারণ এখানে বেলে-দোঁআশ মাটি এবং গ্রীষ্মকালীন তাপমাত্রা সৌদি খেজুরের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করে।
নারীর ক্ষমতায়ন ও বিকল্প কৃষির নতুন দিগন্ত :
নুসরাত জাহান লিজার এই সাফল্য শুধুমাত্র কৃষিতে নয়, নারীর ক্ষমতা ও সম্ভাবনার দিক থেকেও একটি শক্তিশালী বার্তা। পুরুষ-প্রধান সমাজ ব্যবস্থায় একজন ছাত্রী হিসেবে লিজা তার পিতা-মাতার অনুপ্রেরণায় একটি চ্যালেঞ্জিং কৃষিকাজে নেমেছেন, যা আজ অন্য নারীদের জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, ‘আমি চাই এই সৌদি খেজুর চাষটা শুধু আমার উঠানে সীমাবদ্ধ না থাকুক। আশপাশের মানুষ শিখুক, চাষ করুক। এতে করে একটা বিকল্প আয়ের পথ তৈরি হবে আমাদের গ্রামে’।
সরকারি সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা :
লিজার স্বপ্ন এখন একটি বাণিজ্যিক খেজুর বাগান গড়ে তোলা। এ জন্য তিনি সরকারের কৃষি বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করছেন। বিশেষ করে চারা প্রস্তুত, সঠিক পরিচর্যা, ফলন সংরক্ষণ এবং বাজারজাতকরণে প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে এই খাতটি বাংলাদেশের জন্য উন্নয়নের নতুন এক দ্বার খুলে দিতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কেশবপুরের মঙ্গলকোটে সৌদি খেজুরের চাষ একটি প্রশংসনীয় উদ্যোগ। খেজুর গাছ জলাবদ্ধতামুক্ত উঁচু জমিতে ভালো ফলন দেয়। এ ধরনের ফলদ চাষ কৃষকের আয় বাড়াতে সহায়ক হবে। সফলতা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে চাষ বাড়ানো সম্ভব।
মন্তব্য করুন