মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক কিলোমিটার রাস্তা বছরের পর বছর কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়েই প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুলে যাতায়াত করে। এছাড়া, কৃষ্ণনগর ও নওয়াবেকী বাজারমুখী ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের জন্যও গুরুত্বপূর্ণ রাস্তা এটি।
বর্ষা মৌসুম এলেই রাস্তাটিতে হাঁটু কাদা হয়, এই কাদা মাড়িয়েই স্কুলে যেতে হয় শিশুদের। স্কুলে যাওয়ার পথে পা পিছলে পড়ে, জামাকাপড় ভিজে, কাদামাটি মেখে ক্লাস করতে হয় তাদের।
বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির বলেন, প্রতিদিন শিক্ষার্থীদের এমন দুর্ভোগ চোখের সামনে দেখি। কষ্ট লাগে, কিন্তু আমাদের কিছু করার নেই।
শিক্ষক সাইফুল ইসলাম জানান, বর্ষায় প্রায় প্রতিদিনই শিশুরা কাদা মেখে স্কুলে আসে। অসুখ–বিসুখ লেগেই থাকে।
প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মা জানান, মেয়েটা কাদার ভয়ে স্কুলেই যেতে চায় না। বাধ্য হয়ে কখনো কোলে, কখনো কাঁধে করে স্কুলে নিয়ে যাই।
শুধু শিক্ষার্থীরাই নয়, এই কাঁচা রাস্তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষও। কৃষ্ণনগর থেকে নওয়াবেকী বাজারে যেতে ৭ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হয় তাদের। এতে সময়, খরচ এবং ভোগান্তি তিনটিই বেড়েছে।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো গুরুত্বপূর্ণ রাস্তা হয়েও বছরের পর বছর কাঁচা পড়ে আছে। এক কিলোমিটার রাস্তা পাকা হলে পুরো এলাকার মানুষ স্বস্তি পাবে। সবচেয়ে বড় কথা, শিশুদের আর দুর্ভোগ পোহাতে হবে না। ওদের হাত ধরেই তো আমাদের আগামী বাংলাদেশ গড়ে উঠবে।
এলাকাবাসীর একটাই দাবি—রঘুনাথপুর মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকা করা হোক। এতে শুধু শিশু শিক্ষার্থী নয়, উপকৃত হবে গোটা এলাকার মানুষ।
মন্তব্য করুন