ডেস্ক রিপোর্ট: আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রথমে তিনি আশাশুনি বাস স্ট্যান্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি দোকান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
পরে সংসদ সদস্য আশাশুনি থানা পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বেলা সাড়ে ১১টায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।
দুপুর ১২টার দিকে রবিউল বাশার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও হাসপাতালের সার্বিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
এসময় তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্য সেবার মান উন্নয়নের নির্দেশ দেন এবং ১৯ জন রোগীকে ৫০০ টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, ওসি শামীম আহমেদ খান, জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, সেক্রেটারি অধ্যক্ষ মাও. আনওয়ারুল হক, সহ সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাও. রুহুল কুদ্দুছ, বায়তুল মাল সম্পাদক মাও. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেন, আমরা দেশ ও জাতির কল্যাণ চাই। কোথাও কোথাও ভোট দেওয়া, না দেওয়া নিয়ে মতবিরোধ, ভিন্ন মতালম্বী ভোটারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা কোন প্রকার প্রতিশোধ বা চাপ সৃষ্টিকে মেনে নিতে পারি না।

মন্তব্য করুন