বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুসলিম ঐতিহ্য শিক্ষা ও ইসলামী চেতনায় সমৃদ্ধ কাজী নজরুলের ঈদের গান || তানভীর মেহেদী

এমন এক সময়ে কাজী নজরুল ইসলাম ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি লিখেছিলেন যখন কেউ মুসলিম ভাবধারার গজল বা গান লেখার কল্পনাও করতো না। আব্বাসউদ্দীনের অনুরোধে কাজী নজরুল ইসলাম ঈদের এই গান লিখেছিলেন, যা পরবর্তীতে এতো জনপ্রিয়তা পায় যে হিন্দু শ্যামা সংগীত শিল্পীরাও মুসলিম ছদ্মনামে গজল লিখতে ও গাইতে শুরু করে। মুসলিম বাংলা গজলের জগৎ সূচিত হয় যে গানের মাধ্যমে সে গজল শতবছর পেরিয়েও তার আবেদন ধরে রেখেছে নিজগুণে। বাঙালি মুসলিমদের ঈদ শুরু হয় এই গানের মাধ্যমে। যে গান ইসলামী ঐতিহ্য ও শিক্ষায় আপ্লুত করে প্রতিটি মানুষের হৃদয়। এই গানের মাঝে লুকিয়ে আছে ইসলামের সৌন্দর্য।

গানটির কেন্দ্রীয় বার্তা তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে— আত্মত্যাগ ও আত্মশুদ্ধি, সামাজিক সাম্য ও অর্থনৈতিক ন্যায়, ভ্রাতৃত্ব ও ক্ষমাশীলতা ।

‘তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ’ এখানে ‘আপনাকে বিলিয়ে দেওয়া’ মানে নিজের অহংকার, লোভ, স্বার্থপরতা ত্যাগ করা। রমজান মানুষকে যে তাকওয়া ও আত্মসংযম শেখায়, ঈদ সেই শিক্ষার বাস্তব প্রয়োগের দিন। ‘তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত’ , এখানে যাকাত, সদকা, দান—এসবকে ঈদের অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

নজরুল মনে করিয়ে দেন, ঈদ কেবল ধনীদের উৎসব নয়; বরং গরীব-দুঃখীদের মুখে হাসি ফোটানোই প্রকৃত ঈদ। এটি ইসলামের অর্থনৈতিক ন্যায়বিচারের চেতনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

‘আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে’, ঈদ মানে পুনর্মিলন। নজরুল এখানে ব্যক্তিগত বিরোধ ভুলে সামষ্টিক ঐক্যের আহ্বান জানাচ্ছেন। এটি কুরআনের ‘ভ্রাতৃত্ব’ (ইখওয়াহ) ধারণার প্রতিফলন।

কিন্তু এই তিন মূল ধারণা ছাড়াও নজরুল ইসলামের ঈদের এই গানের প্রতিটি লাইন, এমনকি শব্দের মধ্যেও ইসলামী শিক্ষা ও সৌন্দর্য বিকশিত হয়। নজরুল তার এই গানের প্রথম লাইনে নিজেকে বিলিয়ে দিয়ে আসমানী তাগিদ শোনার কথা বলেছেন।

কি সে আসমানী তাগিদ? ‘তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ’—এই অংশটি খুবই গভীর আধ্যাত্মিক ও ইসলামী তাৎপর্য বহন করে। এখানে ‘আসমানী তাগিদ’ বলতে নজরুল মূলত আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশনা, আহ্বান বা divine command বোঝাতে চেয়েছেন। ‘আসমানী তাগিদ’ আসলে কী? ‘আসমানী’ বলতে আল্লাহর পক্ষ থেকে আসা ‘তাগিদ’ বা জোরালো আহ্বান/নির্দেশ বুঝিয়েছেন; অর্থাৎ, আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি আসা বাধ্যতামূলক ও নৈতিক আহ্বান। দয়াময় আল্লাহ রব্বুল আলামীন পবিত্র কুরআনের সুরা বাকারায় বলেছেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে… যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ অর্থাৎ রোজা শুধু ধর্মীয় কাজ বা আচার নয়, এর মাধ্যমে তাকওয়া অর্জন মূল লক্ষ্য। তাকওয়ার ব্যাপ্তি ও গভীরতা বিশাল। একজন মুসলিম সত্যিকারের মুসলিম হতে হলে তাকওয়া অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের কে কি বললো সেটা নয়, বরং সবকিছুর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, তিনি সবকিছু দেখছেন, তিনি অবশ্যই সবকিছুর বিচার করবেন এই ভয় থাকা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।

আত্মত্যাগ ও আত্মসমর্পণ (ইসলাম অর্থই Submission) কুরআনে মানুষকে তার সম্পদ ও সত্তা আল্লাহর পথে ব্যয় করতে বলা হয়েছে । ‘আপনাকে বিলিয়ে দে’ অর্থাৎ নিজের স্বার্থ, অহংকার, লোভ ত্যাগ করা । এটি ‘ইসলাম’ শব্দের মূল চেতনার সাথেই মিল (আত্মসমর্পণ), ‘আসমানী তাগিদ’ মানে আল্লাহর ফরজ নির্দেশ।

যদিও ইসলামের আলোকে এই তাগিদ কী কী হতে পারে? নজরুল সরাসরি নির্দিষ্ট করে বলেননি, কিন্তু পুরো গানের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়—এই ‘আসমানী তাগিদ’ কয়েকটি মৌলিক ইসলামী নির্দেশনার সমষ্টি । সোনা-দানা, বালাখানা সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে, যাকাত দিয়ে মুর্দা মুসলিমের নিঁদ বা ঘুম ভাঙাতে বলেছেন।

এবিষয়ে আল্লাহ রব্বুল আলামীন সুরা হাদিদে বলেন, ‘আল্লাহ তোমাদের যা দিয়েছেন, তা থেকে ব্যয় করো।’

রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সে মুমিন নয়, যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।’ অর্থাৎ রমজানের একমাস রোজা রেখে ক্ষুধার্তের কষ্ট বোঝা এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে গরীব অসহায়দের ক্ষুধা দূর করতে ব্যয় করাই রমজানের শিক্ষা ও এটাই আসমানী তাগিদ। কিন্তু তারপরেই নজরুল মুর্দা বা মৃত্যু মুসলিমের নিঁদ বা ঘুম ভাঙানোর কথা বলেছেন। যে মৃত্যু তার ঘুম কি ভাঙানো যায়?

এখানে ‘মুর্দা মুসলিম’ বলতে কবরের মৃত মানুষ বোঝানো হয়নি। নজরুল এখানে রূপক অর্থে এমন মুসলমানদের বুঝিয়েছেন—যারা আত্মিকভাবে নিষ্ক্রিয়, যারা ঈমানের চেতনা হারিয়েছে, যারা অন্যায়ের বিরুদ্ধে নীরব, যারা গরীবের হক আদায়ে উদাসীন, যারা কেবল আনুষ্ঠানিক ধর্ম পালন করে, কিন্তু নৈতিক চেতনায় ঘুমন্ত।

অর্থাৎ, রমজানের শিক্ষা ও ঈদের আহ্বান যেন তাদের আত্মিক জাগরণ ঘটায়। কুরআনে ‘হৃদয়ের মৃত্যু’ বা আধ্যাত্মিক অন্ধত্বের কথা এসেছে: সুরা আল-আনফালে আল্লাহ রব্বুল আলামীন বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দাও, যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে আহ্বান করেন যা তোমাদের জীবন দান করে।’ এখানে ‘জীবিত’ মানে শুধু শারীরিকভাবে বেঁচে থাকা নয়—বরং চেতনাশীল ঈমানদার। ‘মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ’ মানে—যে মুসলিম আত্মিকভাবে ঘুমিয়ে আছে, অন্যায়-অবিচার দেখে নীরব, রমজানের ত্যাগ ও ঈদের চেতনা দিয়ে তাকে জাগিয়ে তুলতে হবে। এটি নজরুলের বিপ্লবী-ধর্মীয় আহ্বান— ঈদ শুধু আনন্দ নয়, বরং আত্মিক ও সামাজিক পুনর্জাগরণের দিন।

পরবর্তীতে নজরুল বলছেন ‘আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।’ বাস্তবে তো ঈদের ময়দানে সব গাজী শহীদ হননি—তাহলে নজরুল কেন এভাবে বললেন? তিনি ঈদগাহ শব্দটিকে ব্যবহার করেছেন একটি প্রতীক হিসেবে। ঈদগাহ মানে—খোলা ময়দান, সাম্যের স্থান, সম্মিলিত ইবাদতের ক্ষেত্র, মুসলিম ঐক্যের দৃশ্যমান প্রতীক; আর গাজী ও শহীদ শব্দ দুটি ইসলামে আত্মত্যাগ, সংগ্রাম ও ঈমানের দৃঢ়তার প্রতীক। অতএব পুরো লাইনটি প্রতীকীভাবে বোঝায়—যে ঐতিহ্য, যে সংগ্রাম, যে ত্যাগের ধারাবাহিকতায় ইসলাম টিকে আছে, সেই ইতিহাস-স্মৃতিবাহী চেতনার মাঠেই আজ তুমি ঈদের নামাজ পড়ো। রমজান হচ্ছে আত্মিক জিহাদ, ঈদ হলো তার বিজয়ের দিন; রমজান মাসকে ইসলামী ঐতিহ্যে নফসের বিরুদ্ধে সংগ্রামের মাস বলা হয়।
সুরা বাকারায় বলা হয়েছে, ‘যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ রোজা মানে ক্ষুধা-তৃষ্ণার বিরুদ্ধে সংগ্রাম, কামনা-বাসনার বিরুদ্ধে নিয়ন্ত্রণ। ঈদ সেই সংগ্রামের সফলতা উদযাপন। নজরুল তাই ঈদগাহকে ‘বিজয়ের ময়দান’ হিসেবে কল্পনা করেছেন। সাথে সাথে তিনি শহিদদের মর্যাদা ও ইসলামী ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সুরা আল-বারাকায় বলা হয়েছে, ‘যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের মৃত বলো না; বরং তারা জীবিত।’ এবং সুরা আল-ইমরানে বলা হয়েছে, ‘তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত, রিজিকপ্রাপ্ত।’ শহীদরা ইসলামের ইতিহাসে ত্যাগের প্রতীক। নজরুল এই ত্যাগকে ঈদের আনন্দের ভিত্তি হিসেবে দেখিয়েছেন। অর্থাৎ— আজ যে আমরা নিরাপদে ঈদের নামাজ পড়তে পারি, তা পূর্বসূরীদের ত্যাগের ফল। তাই নজরুলের এখানে গাজী ও শহিদ শব্দ দুটি একসাথে ব্যবহার শুধু কবিতার অতিশয়োক্তি বা hyperbolic style নয়, এর ভিতরে লুকিয়ে আছে ইসলামের ঐতিহাসিক সৌন্দর্য ও শিক্ষা।

এরপর নজরুল কে দোস্ত কে দুশমন সব ভুলে হাতে হাত মেলানোর কথা বলেছেন। যে বিষয়ে আল্লাহ সুবহানাহু তায়া’লা তাঁর পবিত্র কুরআনের সুরা আল-হুজরাতে বলেছেন, ‘মুমিনরা তো পরষ্পর ভাই ভাই’। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমারা ঈমানদার হবে না, যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে!’ অর্থাৎ ঈদের দিন শত্রুতার অবসান, এটা কুরআনিক ভ্রাতৃত্ববোধের বাস্তব রূপ। এমনকি নজরুল প্রেম দিয়ে বিশ্বনিখিল ইসলামের মুরিদ বানানোর আহ্বান জানিয়েছেন, যা কুরআন ও হাদিসের শিক্ষা। আল্লাহ তায়া’লা ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ও প্রাণীর প্রতি দয়াশীল ও ন্যায়শীল আচরণের নির্দেশ দিয়েছেন। নজরুল সেটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন ঈদের এই জনপ্রিয় গানে।

নজরুল শত্রুকে ক্ষমা কার জন্য বলেছেন, যা ইসলাম আমাদের শিক্ষা দেয়। ইসলামে ক্ষমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, যা আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের অন্যতম মাধ্যম। হাদিস অনুযায়ী, যে মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং মানুষের প্রতি দয়া না করলে আল্লাহও তার প্রতি দয়া করেন না।

বরং নজরুল বলেছেন, ‘সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ’। যে ইট পাথর ছুড়ে সারাজীবন যারা কষ্ট দিয়েছে, পাথর দিয়ে প্রেমের মসজিদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ইসলামের ইতিহাসে পাওয়া যায় রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাথর ছুড়ে রক্তাক্ত করেছিলো তাদেরকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছিলেন।

পবিত্র কুরআনের সুরা ফুসসিলাতে বলা হয়েছে, ‘মন্দকে প্রতিহত কর উত্তম আচরণ দিয়ে।’ হাদিসে বলা আছে, ‘শক্তিশালী সে নয়, যে কুস্তিতে জয়ী হয়; বরং সে-ই শক্তিশালী, যে রাগের সময় নিজেকে সংযত রাখে।’ এটি ‘ইহসান’-এর শিক্ষা—ন্যায়ের ঊর্ধ্বে উঠে মহত্ত্বের চর্চা।

‘যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী, সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ।’ এই পংক্তিটি গভীর সামাজিক-ইসলামী বার্তা বহন করে। ‘জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী’— অর্থ কী? এখানে নজরুল রমজানের রোজার কথা বলছেন না। তিনি বোঝাচ্ছেন—যারা সারা বছর দারিদ্র্যের কারণে অনাহারে থাকে, যাদের কাছে উপবাস বাধ্যতামূলক, ইবাদত নয়; যারা ক্ষুধাকে ইচ্ছায় নয়, অভাবে সহ্য করে অর্থাৎ, দরিদ্র মানুষের দৈনন্দিন জীবন যেন এক দীর্ঘ রোজা। তাদের এই কষ্ট দূর করা, তাদের অভাব দূর করতে যাকাতের সঠিক ব্যবহার করাই ইসলামের শিক্ষা। যাকাত মানে শুধু শাড়ি পাঞ্জাবি দান করা নয়, বরং যাকাতের মাধ্যমে সমাজ থেকে গরীব অসহায়ের আর্থসামাজিক উন্নয়ন করা। আবার অন্যের হক নষ্ট করে সেই সম্পদ দিয়ে যাকাত দেওয়া ইবাদত নয় বরং পাপ। হালাল উপায়ে ধনী হতে হবে এবং সেই সম্পদ দিয়ে যাকাত দিতে হবে, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবেনা, এটা মহাপাপ। যাকাত দান নয়, যাকাত গরীবের অধিকার, নজরুল তা গানেই তুলে ধরেছেন।

এরসাথে কাজী নজরুল ইসলাম ইয়াতিম মিসকিনের অধিকার বিষয়ে সতর্ক করেছেন। ইয়াতিমের সম্পত্তির অধিকার না দেওয়া, উত্তম সম্পত্তির সাথে খারাপ সম্পত্তি বিনিময় করা মহাপাপ ও জুলুম। ইয়াতিমের সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে ইসলামে। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইয়াতিম ছিলেন। ঈদগাহে কান্নারত ইয়াতিম বালককে রাসুল নিজের বাড়িতে নিয়ে যে আদর যত্ন করেছিলেন সে ঘটনা আমরা জানি। ইয়াতিমের হক আদায় করা ফরজ। এ বিষয়ে সুরা আদ-দুহায় বলা হয়েছে, ‘অতএব তুমি ইয়াতীমকে অবহেলা করো না, এবং প্রার্থনাকারীকে তাড়িয়ে দিও না।’ গরীবকে খাদ্য দানের বিষয়ে পবিত্র কুরআনের সুরা মাউনে বলা হয়েছে, ‘তুমি কি তাকে দেখেছ, যে দীনকে অস্বীকার করে? সে-ই ইয়াতীমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে আহার দিতে উৎসাহ দেয় না।’ এখানে স্পষ্ট যে গরীবের খাদ্য নিশ্চিত না করা ঈমানের ঘাটতির লক্ষণ।

সুরা আল-ইনসানে আল্লাহ বলেন, ‘তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে, বলে— আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের আহার দিচ্ছি।’ তাই ইয়াতিম মিসকিনের অধিকার আদায় করাও ঈদের শিক্ষা। নজরুলের ঈদের এই গানের প্রতিটি লাইনে ইসলামের মহত্ত্ব ফুটে উঠেছে।

নজরুলের ‘ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনি তৌহিদের’—একটি অত্যন্ত গভীর রূপক, যা ইসলামের আকীদা (বিশ্বাস), ইবাদত ও আধ্যাত্মিকতার সারাংশ বহন করে। ‘হৃদয়ের তশতরী’, হৃদয়কে ইমানের কেন্দ্র বলেছেন নজরুল। ইসলামে হৃদয়ই মানুষের মূল নিয়ন্ত্রণকেন্দ্র। হাদিসে এসেছে: মানুষের দেহে একটি টুকরা মাংস আছে; তা ভালো হলে পুরো দেহ ভালো, আর তা নষ্ট হলে পুরো দেহ নষ্ট—এটি হলো হৃদয় (সহীহ বুখারী, সহীহ মুসলিম)।

নজরুল বোঝাতে চেয়েছেন— মানুষের আসল পরিবর্তন বাহিরে নয়, ভিতরে (হৃদয়ে) এবং ‘শিরনি তৌহিদের’ যা ঈমানের সবচেয়ে মধুর উপহার, ‘শিরনি’ মানে মিষ্টান্ন বা আনন্দের উপহার, ‘তৌহিদ’ বা আল্লাহর একত্বে বিশ্বাস। তাই তৌহিদের ঈমানকে সবচেয়ে মূল্যবান, মধুর ও পবিত্র উপহার হিসেবে তুলে ধরা হয়েছে। কুরআনে সুরা নিসায় বলা হয়েছে, ‘আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরক (তৌহিদের বিরোধিতা) মাফ করেন না’। অর্থাৎ তৌহিদই ইসলামের সবচেয়ে বড় ও মৌলিক সত্য। আল্লাহ সুবহানাহু তায়া’লা সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ ও বান্দার হক নষ্টের গুনাহ মাফ করবেন না। নজরুলের গানে বান্দার হক ও আল্লাহর প্রতি ঈমানের গুরুত্বারোপ করা হয়েছে। হৃদয়ে যেন কোনো শিরক, অহংকার, লোভ না থাকে, পুরো হৃদয় যেন আল্লাহর একত্বে পূর্ণ হয়।

অর্থাৎ কাজী নজরুল ইসলাম বলতে চেয়েছেন, তোমার হৃদয়কে এমনভাবে প্রস্তুত করো, যাতে সেখানে শুধু আল্লাহর একত্ব, ভালোবাসা ও আনুগত্য স্থান পায়। ঈদের আনন্দ শুধু বাহ্যিক নয়; আসল আনন্দ হলো হৃদয়কে তৌহিদের মাধুর্যে পূর্ণ করা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর অমর সৃষ্টি ‘রমজানের রোজার শেষে’ কেবল একটি ঈদের গান নয়; এটি ইসলামের মৌলিক শিক্ষা ও মুসলিম চেতনার এক গভীর ও সংক্ষিপ্ত উপস্থাপন। এই গানের প্রতিটি পংক্তিতে লুকিয়ে আছে কুরআন-সুন্নাহভিত্তিক জীবনদর্শনের প্রতিফলন। আত্মশুদ্ধি ও তাকওয়া, তৌহিদ, যাকাত ও সামাজিক ন্যায়, ইয়াতিম মিসকিন দরিদ্রের প্রতি দায়িত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্য, আত্মিক জাগরণ,এবং ত্যাগ ও মানবিকতা, আল্লাহর একত্ববাদের উপর পরিপূর্ণ বিশ্বাস। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে, এটি শুধু একটি সাংস্কৃতিক উপাদান নয়; বরং মুসলিম চেতনার একটি শক্তিশালী ভাষ্য। ঈদের প্রকৃত তাৎপর্য বুঝতে হলে, কাজী নজরুলের এই আহ্বানকে হৃদয়ে ধারণ করাই যথেষ্ট। এজন্য নজরুল ইসলামের ঈদের এই গানটি শুধু শ্রবণ না করে অনুধাবন ও অনুভব করাও জরুরি।

লেখক: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ড. খান সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705