ডেস্ক রিপোর্ট: ‘ঘরে বসে নিজেই জন্ম নিবন্ধন করুন সম্পূর্ণ বিনামূল্যে’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট দেখে সেখান থেকেই জন্ম নিবন্ধন সার্ভারের ঠিকানা নিয়ে অনলাইনে নিজ সন্তানের জন্ম নিবন্ধনের আবেদন করেন সাতক্ষীরার বল্লী ইউনিয়নের বাসিন্দা মেহেদী হাসান। কিন্তু আবেদনটি সঠিকভাবে করতে না পারায় ইউপি কর্তৃপক্ষ তা বাতিল করে সঠিকভাবে আবেদনের পরামর্শ দেয়।
মেহেদী হাসান জানান, তার আবেদনে দুটি ভুল ধরে। আবেদনের সাথে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না করা ও তার গ্রামের নামের ইংরেজি বানান অফিস নির্দেশিত বানানে না লেখা। পরে তিনি ইউনিয়ন পরিষদের সহায়তায় তার বাচ্চার জন্ম নিবন্ধনটি সম্পন্ন করেন।
শুধু মেহেদী হাসান নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নানা পোস্ট দেখে অনেকেই বিভ্রান্ত হন।
কিন্তু আদৌ কি ঘরে বসেই জন্ম নিবন্ধন করা যায় বা মানুষ এসব পোস্ট দেখে কি ভাবেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে ফেসবুকে একটি পেজে (Newjobsresult.com) দেওয়া পোস্টের কমেন্ট বক্স চেক করে জনমত বোঝার চেষ্টা করা হয়।
বুস্টেড এই পোস্টটি (৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত) ৯ হাজার ১শ বার শেয়ার করা হয়েছে, যেখানে তিন হাজার ৬শ মানুষ মন্তব্য করেছেন। পোস্টটির নিচের মন্তব্যগুলো দেখে সহজেই বোঝা যায়- মানুষ পোস্টটি দেখে রীতিমত বিভ্রান্তিতে পড়ে উল্টো নানা প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
তথ্য মতে, বাংলাদেশে অন্তত ১৮টি নাগরিক সেবা প্রাপ্তিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ অত্যাবশ্যক। সাধারণত, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড ও দূতাবাস (সব দূতাবাসে এখনো চালু হয়নি) থেকে এই সনদ ইস্যু করা হয়।
আসলেই কি ঘরে বসে জন্ম নিবন্ধন করা যায়?
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সমিতির জেলা সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানের সাথে। তিনি বলেন, ঘরে বসেই জন্ম নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব পোস্ট দেখা যায়, তা মূলত মিথ্যা ও বিভ্রান্তিকর।
বিষয়টির ব্যাখ্যা করে তিনি বলেন, ঘরে বসে শুধুমাত্র জন্মনিবন্ধনের আবেদনটি অনলাইনে করা যায়। যদিও বেশির ভাগ ক্ষেত্রে গ্রাহক কর্তৃক অনলাইনে করা আবেদনে ভুল পাওয়া যায়।
বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সার্ভারটি (https://bdris.gov.bd/) ব্যবহার করে যে কেউ যে কোনো জায়গা থেকে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। এজন্য আগে নিয়মকানুন ভালোভাবে জেনে জন্ম নিবন্ধন বা জন্মনিবন্ধন সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ ও স্ক্যান করে নিতে হয়। এরপর অনলাইনে আবেদনের সময় সংযুক্তিতে তা যুক্ত করতে হবে। আবেদনটি সঠিকভাবে সাবমিট করার পর আবেদনের প্রিন্ট কপি ও সংযুক্তিতে দেওয়া কাগজপত্রের মূল কপি নিয়ে সংশ্লিষ্ট ইউপি বা দপ্তরে যেতে হবে। ইউনিয়ন পরিষদে গেলে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মূল কাগজপত্র দেখে সঠিক বলে পরিলক্ষিত হলে আবেদনটি ও ফি গ্রহণ করবেন। কোনো ভুল না থাকলে এবং নতুন জন্ম নিবন্ধনের আবেদন হলে ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিজ আইডি দিয়ে আবেদনটি অনলাইনে গ্রহণ ও অনলাইনে ফি পরিশোধের পর তা নিবন্ধক বা চেয়ারম্যানের আইডি দিয়ে নিবন্ধন করা হয়। আর যদি সংশোধনের আবেদন হয় তাহলে ফি গ্রহণের পর আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলে যাবে এবং অনুমোদন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, এক্ষেত্রে প্রায়শই একটি অভিযোগ তোলা হয় যে, বাইরে থেকে আবেদন করে আনলে ইউপি প্রশাসনিক কর্মকর্তারা গ্রহণ করতে চান না। বিষয়টি সঠিক নয়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, আবেদনের সাথে অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করা হয় না, ডকুমেন্টস যুক্ত করা হলেও তা অস্পষ্ট বা প্রমাণ সাইজে করা হয় না। আবার, অনেকে গ্রাম, ইউনিয়ন, পোস্ট- এগুলোর ইংরেজি বানান ইচ্ছামত লেখেন, যা অফিসিয়াল বানানের সাথে মেলে না। তখন ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবেদনটি প্রত্যাখ্যান করেন এবং নতুন করে আবেদনের পরামর্শ দেন। তাই আবেদন করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, অর্থাৎ জন্ম নিবন্ধনের জন্য ঘরে বসে শুধুমাত্র অনলাইনে আবেদনটি করা যায়, যদিও তা সঠিক বলে বিবেচিত না হলে বাতিল হয়। এজন্য একাজে পারদর্শী ব্যক্তি কর্তৃক আবেদন করা শ্রেয়, কারণ একবার আবেদন ভুল হলে আবার নতুন করে আবেদন করতে হয়।
জন্ম নিবন্ধনে হয়রানির কথা মুখে মুখে, কেন?
শাহাদাৎ হোসেন আশরাফ নামে এক ব্যক্তি সম্প্রতি বাবা হয়েছেন। তিনি সন্তানের জন্মনিবন্ধন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদে গেলে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়। এজন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। বিশেষ করে তার নিজের জন্ম নিবন্ধন ও তার স্ত্রীর জন্ম নিবন্ধন হাতে লেখা ছিল। ইউনিয়ন পরিষদ থেকে তাকে বলা হয়, আগে তার ও তার স্ত্রীর জন্মনিবন্ধন ডিজিটাল করতে হবে। তখন কি কি কাগজ লাগবে তা জেনে তিনি নিজের জন্ম নিবন্ধন ডিজিটাল করার আবেদন করে নেন। বিপত্তি বাধে তার স্ত্রীর জন্মনিবন্ধন নিয়ে। তার স্ত্রীর বাড়ি জেলার অপর প্রান্তের একটি ইউনিয়নে এবং সেখানে গিয়েই স্ত্রীর জন্মনিবন্ধন ডিজিটালের আবেদন করতে হবে। এটা শাহাদাৎ হোসেনের জন্য বেশ বিরক্তিকর ও ভোগান্তির কারণ হয়।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, জন্মনিবন্ধনে এতো ভোগান্তি কেন? আমার সনদটি দ্রুত দরকার। কিন্তু এখন দেখছি, এতো ফরমালিটিজ, যে অন্তত এক সপ্তাহ সময় লাগবে।
শুধু শাহাদাৎ নন, জন্ম নিবন্ধন নিয়ে হয়রানির কথা যেমন মানুষের মুখে মুখে, তেমনি সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় নানা খবর। তাই শাহাদাৎ হোসেনের এই আক্ষেপকে কেন্দ্র করেই সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সমিতির জেলা সভাপতি সেরাজুর রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল জন্ম নিবন্ধনে কেন এতো ভোগান্তি?
উত্তরে সেরাজুর রহমান বলেন, জন্মনিবন্ধনে ভোগান্তির অধিকাংশ ক্ষেত্রে দায়ী করা হয় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের (পূর্বতন ইউপি সচিব) বা পৌরসভা ও সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। কিন্তু জন্মনিবন্ধনে ভোগান্তির মূল কারণ প্রক্রিয়া সম্পর্কে না জানা ও পূর্ব প্রস্তুতি না নেওয়া। প্রথমত, এই সেবা পাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, কতদিন সময় লাগতে পারে, কত টাকা ফি- এসব সম্পর্কে না জেনেই মানুষ ইউনিয়ন পরিষদে আসে এবং সেবা প্রত্যাশা করে। এবং মানুষের প্রত্যাশাটা এমন যে, তারা এসে মুখে বলবেন- আর সাথে সাথে জন্ম নিবন্ধন হয়ে যাবে। কিন্তু বিষয়টি তো তা নয়। জন্ম নিবন্ধন খুবই সহজে প্রাপ্য একটি সেবা, যদি সেবা গ্রহীতা সেবাটি গ্রহণের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়াটি জানেন এবং সেজন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন।
তিনি বলেন, আইন অনুযায়ী প্রত্যেক পিতা-মাতা বা অভিভাবকের বাধ্যতামূলক দায়িত্ব সন্তান জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করা। সেই সাথে এটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর একটি অগ্রাধিকার সেবা এবং সন্তান জন্মদানের সাথে সাথে জন্মনিবন্ধন করলে সবচেয়ে সহজে সেবাটি পাওয়া যায়। তাই সেবাটি সহজে পেতে প্রত্যেককে পূর্ব প্রস্তুতি নিয়ে কাগজপত্রগুলো আপডেট করে রাখতে হবে।
তিনি বলেন, নবজাতকের জন্মনিবন্ধনের জন্য প্রয়োজন হয় ক) জন্মস্থান ও জন্মতারিখের প্রমাণপত্র (চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র/বার্থ এটেন্ডেন্ট এর প্রত্যয়ন বা অন্য কোনো প্রমাণপত্র), খ) বাড়ির হোল্ডিং ট্যাক্সের রিসিট ও গ) পিতা-মাতার জন্মনিবন্ধন সনদ, ঘ) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ও ঙ) ৬) আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনীয় কাগজপত্রের সংখ্যাও যেমন বৃদ্ধি পায়, তেমনি জটিলতাও বৃদ্ধি পায়। যেমন, ইপিআই টিকা কার্ডের ফটোকপি (বয়স ৪৬ দিন থেকে ৫ বছর), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যয়নপত্র (পাঁচ বছরের ঊর্ধ্বে হলে), আবেদন ফরম এর সাথে নিবন্ধনকৃত ব্যক্তির ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি) এর ফটোকপি।
কারণ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যেই জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক। এই আইন লঙ্ঘনের কারণেই ভোগান্তির সৃষ্টি হয়।
সেরাজুর রহমানের দাবি, মানুষ সন্তান জন্মগ্রহণের সাথে সাথে জন্মনিবন্ধন করতে চান না। তাদেরকে নানাভাবে বুঝিয়ে জন্মনিবন্ধন করাতে আনলেও দেখা যায় প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রস্তুত নেই। এক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটি তৈরি হয়, তা হলো বাবা-মায়ের জন্মসনদ প্রস্তুত না থাকা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাবা-মায়ের জন্ম সনদ থাকে না বা থাকলেও ডিজিটাল নয়, বা শুধু বাংলায় আছে। যদি সব কাগজ প্রস্তুত থাকে, তবে নবজাতকের জন্মনিবন্ধন সনদ প্রাপ্তির কাজটি তড়িৎ গতিতে সম্পন্ন করা হয়- এমনকি পাঁচ মিনিটের মধ্যেই এবং বিনামূল্যে। কিন্তু বাবা-মায়ের জন্মসনদ প্রস্তুত না থাকলে আগে সেটি কার্যউপযোগী (ডিজিটাল, বাংলা ও ইংরেজি ভার্সনসহ) করে তারপর নবজাতকের জন্ম নিবন্ধন করতে হয়। এখানেই মানুষের ভোগান্তি বা দীর্ঘসূত্রিতা বা অধিক খরচের প্রশ্নটি উত্থাপিত হয়।
তিনি বলেন, কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন সরাসরি ইউপি বা সংশ্লিষ্ট দপ্তর থেকে করা যায়। কিন্তু সংশোধন, ইংরেজিকরণ বা ডিজিটালকরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগে। যা সময় সাপেক্ষ। একই সাথে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতেও বিধান অনুযায়ী কাগজপত্রের প্রয়োজন হয়।
বাবা-মায়ের জন্ম নিবন্ধন সনদ কার্যউপযোগী (সংশোধন, ইংরেজিকরণ বা ডিজিটালকরণে) করতে যে সময়টুকু প্রয়োজন তা অভিভাবকরা দিতে চান না। বা অনলাইনে আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র দিতে চান না। ইউনিয়ন পরিষদের কাজ প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে অনলাইনে আবেদন পূর্বক ফি গ্রহণ করা। এটার পর আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইডিতে (ইউপির ক্ষেত্রে ইউএনও, পৌরসভার ক্ষেত্রে ডিডিএলজি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) চলে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবেদনের সাথে অনলাইনে দাখিলকৃত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তা অনুমোদন বা প্রত্যাখ্যান করেন। এরপর তা স্বয়ংক্রিয়ভাবে আবার ইউপি প্রশাসনিক কর্মকর্তার আইডিতে চলে আসে। পরে তা প্রিন্ট করে গ্রাহককে প্রদান করা হয়। পূর্বে থাকা জন্মসনদের যেকোনো ধরনের পরিবর্তনের জন্য এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক। এটাকে মানুষ হয়রানি বা ভোগান্তির কারণ মনে করেন।
নবজাতকের জন্মসনদ দ্রুততম সময়ে করার ক্ষেত্রে আরেকটি বাধা রয়েছে। সেটি যদি কোনো বাচ্চার বাবা বা মা অজ্ঞাত থাকে, তার ক্ষেত্রে। সেক্ষেত্রে আবেদনটিতে সংশ্লিষ্ট অজ্ঞাত ব্যক্তির তথ্যে আননোন প্যারেন্ট বলে একটি অপশন আছে, সেটা ব্যবহার করা হয়। এর জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগে।
অর্থাৎ কাগজপত্র প্রস্তুত থাকলে নবজাতকের জন্মনিবন্ধন সনদ বিনা হয়রানি বা বিনা ভোগান্তিতে সহজেই পাওয়া যায়। কিন্তু মানুষ একদিকে কাগজপত্র প্রস্তুত না রাখা, অন্যদিকে ইচ্ছাকৃতভাবে সময়মতো জন্মনিবন্ধন না করে নিজেরাই ভোগান্তির পথ সৃষ্টি করেন। এর পিছনে কিছু খারাপ উদ্দেশ্যেও থাকে। যেমন তারা সন্তানের প্রকৃত জন্মতারিখ লুকিয়ে পরে গিয়ে বয়স বাড়ানো বা কমানোর চেষ্টা করেন। বাংলাদেশে এই প্রবণতা খুবই বেশি। এটার মাধ্যমে তারা যেমন আইন ভঙ্গ করেন, তেমনি এজন্য তাদের দণ্ডেরও ব্যবস্থা আছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে এই আইন প্রয়োগ হয় না।
জন্ম নিবন্ধনে হয়রানি বা ভোগান্তি কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের সুপারিশ করেন তিনি।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা সেরাজুর রহমানের বক্তব্যের মিল পাওয়া গেল আশাশুনির খাজরা ইউনিয়নের বাসিন্দা কৃষ্ণ ব্যানার্জীর একটি ফেসবুক পোস্টের সাথে। পেশায় সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী সম্প্রতি পুত্র সন্তানের বাবা হয়েছেন। তিনি তার ছেলের জন্ম নিবন্ধন করে বেশ আনন্দের সাথে ফেসবুকে জন্মসনদের কপি পোস্ট করে লিখেছেন খোকার জন্মনিবন্ধন সম্পন্ন। তার পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে জানতে চাওয়া হলো ‘কত লাগলো, আর কয়দিন লাগলো?’ উত্তরে তিনি লিখলেন, ‘কোন টাকা লাগেনি, আমার ও আপনার বৌমার আগে থেকে জন্ম নিবন্ধন করে নিয়েছিলাম। আজকে সকালে আবেদন করেছি, একটার দিকে সম্পন্ন হয়েছে।’
জন্ম নিবন্ধনের প্রকৃত ফি কত?
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ অনুযায়ী, জন্ম ও মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত যে কোনো ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন করা যাবে বিনামূল্যে। ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি ২৫ টাকা এবং ৫ বছরের ঊর্ধ্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি ৫০ টাকা।
এছাড়া জন্ম নিবন্ধন সনদ সংশোধন/ডিজিটালকরণ/ইংরেজিকরণের ফি ৫০ টাকা এবং জন্মতারিখ সংশোধনের ফি ১০০ টাকা। উপরে উল্লিখিত ফি সরকার নির্ধারিত এবং তা চালানের মাধ্যমে নির্ধারিত কোডে সরকারি কোষাগারে জমা দিতে হয়।
প্রশ্নটি ওঠে অতিরিক্ত অর্থগ্রহণের ক্ষেত্রে। এ বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তারা জানান, অধিকাংশ ক্ষেত্রে সেবা প্রত্যাশীরা আবেদনটি অনলাইনে করে আনেন না। তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে আবেদন করেন। এক্ষেত্রে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, যিনি পরিষদের বেতনভুক্ত কর্মচারী নন বা পরিষদ থেকে কোনো আর্থিক সুবিধা পান না, তিনি আবেদন করার জন্য যে পারিশ্রমিক নেন তা নিয়েই মূলত অতিরিক্ত অর্থগ্রহণের অভিযোগটি ওঠে, যার দুর্নাম ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ঘাড়ে চাপে। কিন্তু ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের কাজ তখনই শুরু হয়, যখন তিনি নিজ আইডি দিয়ে অনলাইনে করা আবেদনটি গ্রহণ করেন ও গ্রাহকের কাছ থেকে তার সরকারি ফি গ্রহণ পূর্বক তা সরকারি কোষাগারে জমা দেন। #
মন্তব্য করুন