ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): স্বল্প জনবলে সুন্দরবনের অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। অনুমোদিত জনবলের এক-তৃতীয়াংশ দিয়ে চলছে বন পাহারার কাজ। তবে, নানা সংকটের মধ্যেও মামলা, জব্দ ও আসামি আটকের সংখ্যা বিগত দিনের তুলনায় এখন অনেক বৃদ্ধি পেয়েছে।
সুন্দরবন খুলনা রেঞ্জের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত অভয়ারণ্যে এলাকায় ৩৩টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে বিগত বছরে নিষিদ্ধ এলাকায় মোট ৮৮টি মামলা হয়েছে। শুধু ২০২৫-২৬ অর্থবছরে আটক করা হয়েছে ১৭৪ জনকে। জব্দ করা হয়েছে ১২২টি নৌকা ও ১৬টি ট্রলার।
নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং যৌথ বাহিনীর সমন্বিত অভিযানের ফলে বনজ সম্পদ লুট, অবৈধ অনুপ্রবেশ, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী শিকার, কাঠ পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বড় চক্রগুলোর বিরুদ্ধে অভিযান বেশি গুরুত্ব পাচ্ছে।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম জানান, সুন্দরবনের মোট অভয়ারণ্য এলাকার গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট খুলনা রেঞ্জের মধ্যে। এসব এলাকায় অবৈধ মাছ ব্যবসায়ী ও শিকারিদের নজর থাকে বেশি। ফলে জনবল, নৌযানসহ বিভিন্ন সংকটের মধ্য দিয়েই অভিযান পরিচালনা করতে হয়। তারপরও অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত উপকরণ জব্দের পরিমাণ বেড়েছে। এক বছরে নীলকমল এলাকা থেকে ২৫টি, পাটকোষ্ঠা থেকে ২২টি, ভোমরখালী থেকে ২৫টি, কাগাদোবেকী এলাকা থেকে ১৬টি ট্রলার জব্দ করা হয়েছে।
অপরদিকে, ২০২৪-২৫ অর্থবছরে মোট ২৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় ৪৯৪ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ১৯১টি নৌকা, ৩৪টি ট্রলার, ১ হাজার ৩০৫ ঘনফুট কাঠ, ১ হাজার ৫৫০ কেজি মাছ, ১ হাজার ৫২৯ কেজি কাঁকড়া এবং ৩৯ কেজি মধু। এছাড়া বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ জব্দ, মাংস উদ্ধার, অবৈধ ২৪০টি বিষের বোতল জালসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বনপ্রহরী কল্যাণ সমিতির সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান জানান, নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয়দের সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধ দমনে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে এত সংকটের মধ্যে একটি বিভাগ কীভাবে চলছে, ঊর্ধ্বতন প্রশাসনের উচিত সেটা নিয়ে অনুসন্ধান করা এবং সেসব সমস্যা সমাধানের দ্রুত পদক্ষেপ নেওয়া।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সর্বশেষ প্রান্তের টহল ফাঁড়ি নীলকমল অফিসের স্টাফ মোঃ নজরুল ইসলাম বলেন, শুধু নীলকমলের আন্ডারে দুইশ’র মতো খাল রয়েছে। বঙ্গোপসাগরের একটি বিশাল এরিয়া টহল দিতে হয় আমাদের। অথচ আমাদের দ্রুতগতির ও ভারী কোনো নৌযান নেই।
সূত্র মতে, সুন্দরবনে বন বিভাগের ১ হাজার ১৯০টি মঞ্জুরিকৃত পদের বিপরীতে শূন্য রয়েছে ৩২৩টি। সবচেয়ে বেশি শূন্য রয়েছে ফরেস্ট ও ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, সারেং, নৌকাচালক ও ইঞ্জিনম্যান পদ।
খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে অপরাধ দমনে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এটি চলমান রাখা হবে। জনবল অপ্রতুল হলেও নানা কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধ দমনের সর্বোচ্চ চেষ্টা চলছে।
সুন্দরন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান বলেন, জনবল নিয়োগের বিষয়টি আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড সংকুচিত করছে। নৌযানসহ অন্যান্য সমস্যা প্রকট। আমরা নিয়মিত মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিয়ে থাকি। তবে চাহিদা অনুযায়ী বরাদ্দ আসে না। তারপরেও সুন্দরবনের সম্পদ রক্ষায় সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
মন্তব্য করুন