রিজাউল করিম: সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষককে ফোন করে অশালীন আচরণের কলরেকর্ড ফাস হওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচির মুখে ‘ডা. সজিব বায়োলজি’ নামের একটি কোচিং সেন্টার সিলগালা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি কলেজ সড়কে অবস্থিত কোচিং সেন্টারটি ঘেরাও করে পরিচালক ডা. সজিবকে গ্রেপ্তারের দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ চলাকালীন কোচিং পরিচালনার প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলামকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন কোচিং পরিচালক ডা. সজিব। ওই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং কোচিং সেন্টারটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।
এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। এছাড়া অফিস থেকে একটি কম্পিউটার ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।