বিলাল হোসেন: মধু না দিলে মেলে না মধু আহরণের অনুমতি। সম্প্রতি বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন মৌয়ালরা।
অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের কোবাদক, বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা বন বিভাগের চিহ্নিত দালাল নামে পরিচিত কোবাদক স্টেশনের মাসুম ঢালী, বুড়িগোয়ালিনী স্টেশনের ইসমাইল সানা, জালাল মোল্লা ও শহিদুল মোল্লা, কদমতলা স্টেশনের আকবর আলি ও আমজাদ হোসেন, কৈখালী স্টেশনের শহীদুল ইসলাম ও বুলবুল হোসেনের মাধ্যমে মৌয়ালদের কাছ থেকে সরকারি রেভিনিউ ছাড়াও অতিরিক্ত হিসেবে মাথাপিছু ৫০০ গ্রাম করে মধু নিচ্ছেন। এছাড়া মৌয়ালদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে দ্রুত অনুমতি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। এই মধুর ভাগ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তর পর্যন্ত পৌঁছে যায় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক বনবিভাগের এক কর্মকর্তা।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, গাবুরা, বুড়িগোয়ালিনী এলাকার একাধিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সাতক্ষীরা রেঞ্জের স্টেশনগুলোতে সরকারি নিয়মে আবেদন করলেও অনেক সময় পাশ আটকে থাকে। পরে বন বিভাগের চিহ্নিত দালালদের মাধ্যমে মৌয়ালদের জনপ্রতি নির্দিষ্ট পরিমাণ মধু দিয়ে যোগাযোগ করলে দ্রুত অনুমতি মেলে। সরকারি রেভিনিউয়ের পাশাপাশি অতিরিক্ত মধু দেওয়ার এই প্রক্রিয়ায় অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের পাশাপাশি মৌয়ালদের ঘাড়ে চাপে বড় বোঝা।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের চুনকুড়ি এলাকার কয়েকজন মৌয়ালের সাথে কথা বলে জানা যায়, বন বিভাগের কদমতলা স্টেশন থেকে হরিনগরের আকবর দালালের মাধ্যমে সরকারি নিয়ম অনুযায়ী জনপ্রতি ১৩০০ টাকায় পাস গ্রহণ করি। তারপরও পাস আটকে রাখে। জনপ্রতি ৫০০ গ্রাম মধু দালালদের মাধ্যমে না দেওয়া পর্যন্ত পাস দেইনি। আকবার দালাল আমাদের বলে জনপ্রতি ৫০০ গ্রাম মধু না দিলে বনবিভাগ পাশ দেবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য মধু পাঠানো লাগবে। তাই বলে আমাদের কাছ থেকে ৫০০ গ্রাম করে মধু নিয়েছে। প্রতিবার পাস করার সময় এই মধু দিতে হয়।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের তথ্য অনুযায়ী, এবছর ১৫৫টি পাসে ১ হাজার ৪৭ জন মৌয়াল মধু আহরণে সুন্দরবনে যান।
বন বিভাগের দালাল আকবার আলী মধু নেওয়ার কথা স্বীকার করে বলেন, সরকারি রেভিনিউয়ের পাশাপাশি জনপ্রতি ৫০০ গ্রাম কর করে মধু দাবি করলে অনেক মৌয়াল ২শ থেকে ৩শ গ্রাম করে মধু দিচ্ছে। মধুগুলো মৌয়ালদের কাছ থেকে সংগ্রহ করে স্টেশন অফিসে দেই। এরপর স্যারেরা কি করে আমি আর খোঁজ রাখি না।
পরিবেশ ও বন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পীযূষ বাউলিয়া পিন্টু বলেন, এ ধরনের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হলে পাস প্রদানের প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করতে হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে দালাল পরিহার করে সরাসরি বন বিভাগের সাথে যুক্ত করা জরুরি।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি রেভিনিউ ছাড়া মৌয়ালদের কাছ থেকে অতিরিক্ত মধু নেওয়ার কোন সুযোগ নেই। বন বিভাগের কেউ যদি দালালদের মাধ্যমে মৌয়ালদের কাছ থেকে মধু নেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং সাতক্ষীরা রেঞ্জে দালালদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
(অনুসন্ধানের তথ্য প্রমাণ দ্য এডিটরস এর কাছে সংরক্ষিত আছে)
মন্তব্য করুন