বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কারওয়ান বাজারের কুলি মশিউরের দুনিয়া এখন নিদহীন। বিদেশ ফেরত একজন মাঝবয়সী পুরুষের পক্ষে অনেক কষ্টের কাজটি বেদনা নিয়েই মেনে নেন। হতাশার শুরু দুই বছর আগে দুবাইয়ের মরুভূমিতে। মধ্যপ্রাচ্যে পাড়ি দেওয়ার প্রথম পাঁচ মাস এক রকম ভালো-মন্দে কাটছিল। ষষ্ঠ মাস আর চলে না। কোম্পানির কাজ নেই। ঠিকা কাজের শ্রমিক মশিউর বেকার হয়ে পড়েন। এক মাস আয়হীন মরুজীবন কাটিয়ে ঋণের দায় মাথায় নিয়ে অগত্যা দেশে ফেরেন তিনি।

বিদেশ যাওয়ার খরচ ৩ লাখ টাকার অর্ধেকটাই ঋণের জোগান। সেই ঋণের ১২ আনা এখনও পরিশোধ বাকি। বিনা পুঁজিতে করার মতো কিছু করারও কায়দা নেই। নিরুপায় মশিউর রাজ্যের আড়ষ্টতা নিয়ে টুকরি হাতে রাস্তায় নেমে পড়েন। বাজার করতে আসা খরিদ্দারের সদাইপাতি গাড়িতে অথবা বাসায় পৌছে দেন। গাজীপুর থেকে প্রতিদিন সকালে ট্রেনে নামেন তেজগাঁও স্টেশনে। বিকেল হতে ফিরতি ট্রেন ধরেন বাড়ির। জানালেন, টুকরির এক দিনের ভাড়া বাবদ মহাজনকে দিতে হয় ৩০ টাকা। দিনে দুইবার টয়লেটের ফি বাবদ ২০ টাকা। দুপুরের খাওয়া ৫০ টাকার মধ্যে সারেন। ঋণের কিস্তি পরিশোধেই আয়ের প্রায় সব চলে যায়।

মশিউরের মতো লাখো শ্রমজীবী মানুষের এমন অবস্থার মধ্যে আজ শুক্রবার মহান মে দিবস পালিত হচ্ছে। নির্ধারিত সময়হীন অতিরিক্ত শ্রম ও কম মজুরিতে তীব্র শোষণের ফলে গড়ে ওঠা শ্রমিকদের বিক্ষুব্ধ আন্দোলনের পটভূমিতে দৈনিক আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম ও আট ঘণ্টা বিনোদন এবং ন্যায্য মজুরির দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এক পর্যায়ে পুলিশের বেপরোয়া গুলিতে অনেক শ্রমিক হতাহত হন। ১৮৯০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক প্যারিস কংগ্রেসে বিশ্বব্যাপী মে মাসের ১ তারিখ ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে বাংলাদেশেও দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে।

দেশে এখন উচ্চ মূল্যস্ফীতি চলছে। মূল্যস্ফীতি বাড়লে সবচেয়ে বেকায়দায় পড়েন নিম্ন আয়ের মানুষ। প্রতি মাসে শ্রমিকের মজুরি যে হারে বাড়ে, তার চেয়ে বেশি হারে বাড়ে বাজারে জিনিসপত্রের দাম। এ কারণে শ্রমিকের মজুরি কখনও মূল্যস্ফীতির নাগাল পায় না। আয়ের চেয়ে বেশি ব্যয়ের বাড়তিটুকু চলে ধার-দেনায়। বিবিএসের সর্বশেষ ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ও মজুরি হার সূচক (ডব্লিউআরআই) প্রতিবেদনের উপাত্ত বলছে, গত মার্চ মাসে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক শূন্য ৯ শতাংশ। অথচ মাসটিতে জাতীয় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। দরিদ্র মানুষের জন্য মূল্যস্ফীতির চাপ আরও বেশি। কেননা, চালসহ কয়েকটি নিত্যপণ্য কিনতেই তাদের আয় শেষ হয়ে যায়।

তেজগাঁও এলাকার রিকশাচালক ৭০ বছরের মজনু মিয়া জানালেন, ‘বড় কষ্টে আছি বাবা। এক কেজি চালের দাম ৬০ টাকা। পেটের জ্বালায় এই বয়সে রিকশা নিয়ে নামি। ছেলে গার্মেন্টসে কাজ করে মাসে মাসে কিছু দেয়। তারও তো সংসার আছে।’

বিবিএসের সর্বশেষ শ্রমশক্তি জরিপ বলছে, দেশে কর্মে নিয়োজিত ৮৪ শতাংশই কোনো না কোনো অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। সংখ্যায় এরা মোট ৫ কোটি ৮০ লাখ, যাদের শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এদের কোনো দায়দায়িত্ব নেয় না রাষ্ট্র। কোনো রকম আইনি ও সামাজিক সুরক্ষা নেই। কাজের ক্ষেত্রে অন্যায়ের শিকার হলে তাদের শ্রম আদালতে মামলা করার সুযোগ পর্যন্ত নেই।

গত মাসে জাতীয় সংসদে পাস হওয়া শ্রম সংশোধনী বিলেও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ সমকালকে বলেন, শ্রম আইন সংশোধনীতে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অন্তর্ভুক্ত করার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত ছিল। সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশে শ্রম আইনে অন্য সব শ্রমিকের মতো একই অধিকার ও সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি ক্ষেত্রবিশেষ তাদের বাড়তি সুবিধা দেওয়ার কথা বলেছেন তারা। সামাজিক সুরক্ষার আওতায় আনার কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় সুরক্ষা হিসেবে তাদের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে আলাদা অফিস অথবা ডেস্ক স্থাপনের কথা বলা হয়েছে। যাতে তারা অভিযোগ করতে পারে এবং প্রতিকার পায়। আইনে এগুলো কিছুই অন্তর্ভুক্ত হয়নি।

আইএলওর সংজ্ঞা অনুযায়ী, বেসরকারি অনিবন্ধিত প্রতিষ্ঠান, ব্যক্তি বা খানামালিকানাধীন প্রতিষ্ঠান, যেগুলোর আইনি সত্তা নেই, পরিপূর্ণ হিসাব নেই, উৎপাদনের হিসাব দিতে হয় না এবং বেসরকারি ও অনিবন্ধিত, এ রকম খাতকে অনানুষ্ঠানিক খাত এবং এ খাতের শ্রমিকদের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক বলা হয়। মূলত কৃষি, শিল্প ও সেবা খাতে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক বেশি। কৃষিতে ৯৮ দশমিক ৬৩ শতাংশ অপ্রাতিষ্ঠানিক। শিল্প খাতে ৮২ দশমিক ৭৫ শতাংশ। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বড় অংশই গ্রামে থাকে। বিবিএস বলছে, গ্রামের মোট শ্রমিকের ৮৭ দশমিক ৪ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। সংখ্যায় তারা ৪ কোটি ৬১ লাখ ১০ হাজার। শহরের শ্রমিকদের এ হার কিছুটা কম। ৭৪ দশমিক ৫ শতাংশ। সংখ্যায় এক কোটি ৩৫ লাখ ৭০ হাজার। নারী শ্রমিকদের ৯৫ দশমিক ৭ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করে।

অপ্রাতিষ্ঠানিক খাতের চেয়ে কিছুটা ভালো হলেও প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অবস্থাও খুব বেশি ভালো নয়। এখনও অনেক শিল্প খাতকে ন্যূনতম মজুরি কাঠামোর আওতায় আনা হয়নি। মালিকপক্ষ যা দেয়, তা মেনে নিয়ে কাজ করেন শ্রমিকরা। এ রকম অন্তত ৫৫টি খাতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়নি। শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের স্বীকৃত শিল্প আছে ১০২টি। এর মধ্যে সরকার ঘোষিত নূন্যতম মজুরি মাত্র ৪৭টি শিল্পে।

সরকারের নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা ইসলাম সমকালকে বলেন, নতুন করে দুটি শিল্পকে ন্যূনতম মজুরির আওতায় আনা হবে। আরও ২০ শিল্পকে এর আওতায় আনার প্রক্রিয়া চলছে। সর্বশেষ পেট্রোল পাম্প শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ করা হয়েছে গত মার্চে।

বাইরের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিতে শ্রমজীবীরা: জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘমেয়াদি এবং ক্রমাগত রপ্তানি চাহিদা কমে গেলে তা শ্রম খাতে প্রভাব ফেলবে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে অনানুষ্ঠানিক এবং ঠিকা কাজের শ্রমিক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বাংলাদেশের ১২ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে থেকে যেতে পারে বলে আশঙ্কা করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত সংস্থার এক প্রতিবেদেন বলা হয়, বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণ পরিস্থিতির অবনতি হয়েছে। এর পেছনে প্রধান কারণ ছিল উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির সীমাবদ্ধতা, শ্রমিকদের আয়ের দুর্বল প্রবৃদ্ধি ও উচ্চ মুদ্রাস্ফীতি, যা প্রবৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য কমানোর প্রভাবকে বাধাগ্রস্ত করেছে।

পোশাক খাতে কাজ হারানোর চিত্র: তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সূত্রে জানা গেছে, গত তিন বছরে ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও বহু কারখানা বর্তমানে আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ। এসব কারখানায় গড়ে দুই হাজার শ্রমিক কাজ করতেন।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান গতকাল সমকালকে বলেন, ধারাবাহিকভাবে বেড়ে চলা ব্যবসা পরিচালনার ব্যয়, উপযুক্ত ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি ও বিশ্ববাজারে চাহিদা কমে যাবার কারণে কিছুটা সংকটে আছে শিল্প। এ কারণে অনেক কারখানা সংকটে পড়ে বন্ধ হয়েছে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, কারখানা বন্ধ যেমন হয়েছে, আবার গত তিন বছরে ২৬৯টি নতুন কারখানা পোশাক উৎপাদনে এসেছে। বন্ধ কারখানার শ্রমিকদের অনেকেই নতুন কারখানায় কাজ পেয়েছেন। সে হিসেবে বেকার শ্রমিকের সংখ্যা ২ লাখ ৭০ হাজার হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১১

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১২

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১৩

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৪

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৫

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৬

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৭

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৮

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৯

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705