
বিনোদন ডেস্ক: বলিউডের ‘কিং’ শাহরুখ খান। পর্দার বাইরেও ভক্তদের কাছে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।
জন্মদিন ঘিরে আবারও সেই ভালোবাসার প্রমাণ মিলেছে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাড়ি ‘মান্নাত’র সামনে। প্রিয় তারকাকে একনজর দেখতে মধ্যরাত থেকেই সেখানে জড়ো হতে থাকেন হাজারো ভক্ত।
কেউ ফুল, কেউ ব্যানার-পোস্টার হাতে হাজির হন মান্নাতের সামনে। ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে তাদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন বলিউড বাদশাহ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) ৬১ বছরে পা দিয়েছেন শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে তার বাড়ি মান্নাতের সামনে টানানো হয় নানা পোস্টার ও ব্যানার।
সেগুলোর একটিতে ভক্তদের উদ্দেশে শাহরুখের লেখা ছিল, ‘আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের কাছে ফিরিয়ে পাঠালাম। অনেক ভালোবাসা ও একগুচ্ছ আলিঙ্গন।’
শাহরুখের জন্মদিন উদযাপন শুধু মান্নাতের সামনেই সীমাবদ্ধ থাকেনি। তাকে ঘিরে আলোকসজ্জায় সাজানো হয় মুম্বাইয়ের সি লিংকও। ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তরা কেক কেটে ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেন প্রিয় তারকার জন্মদিন। ভক্তদের ভিড় সামলাতে মান্নাতের বাইরেও জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।
এবারের জন্মদিনের উদযাপনে বাড়তি মাত্রা যোগ করেছে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’। জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। রোমান্স ও অ্যাকশনের মিশেলে নির্মিত সিনেমাটি ঘিরেও দর্শকদের আগ্রহ বাড়ছে।
মান্নাতের সামনে ভক্তদের হাতে থাকা পোস্টারগুলোতেও ছিল জন্মদিন ও নতুন সিনেমাকে ঘিরে নানা বার্তা। কোথাও লেখা, ‘হ্যাপি বার্থডে কিং’, কোথাও আবার ‘পৃথিবী কেবল একটিই নাম দিয়েছে কিং’। আরেকটি পোস্টারে লেখা ছিল, ‘কিং একাই যথেষ্ট’। সিনেমার সংলাপের আদলে তৈরি এসব পোস্টারেও ফুটে ওঠে শাহরুখকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়ে দর্শকের মন জয় করেছেন শাহরুখ। ৬১ বছরে পা দিয়েও তার প্রতি ভক্তদের ভালোবাসা ও উন্মাদনা যে এতটুকু কমেনি, মান্নাতের সামনে হাজারো মানুষের উপস্থিতি যেন তারই প্রমাণ।

মন্তব্য করুন