শ্যামনগর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। তপশিল ঘোষণার পর এক মাসেরও বেশি সময়ে নানা আনুষ্ঠানিকতা শেষে প্রতীক পেয়ে বৃহস্পতিবার থেকেই ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের প্রার্থীরা। প্রচার শুরুর আগেই সব প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও নির্বাচন ঘিরে আগেই আচরণবিধি লঙ্ঘনের কয়েকটি অভিযোগ ওঠে। আসনটির প্রার্থী ও প্রার্থীর পক্ষের নেতাদের সতর্ক করে শোকজ নোটিশ প্রদানের ঘটনাও ঘটেছে।
তবে দীর্ঘ ১৬ বছর পর নতুন দিনের স্বপ্ন দেখছেন শ্যামনগরবাসী। সময়ের পরিক্রমায় জমে ওঠা হতাশা আর বঞ্চনার দেয়াল ভেঙে এবার তারা প্রত্যাশা করছেন এমন একজন জনপ্রতিনিধির, যিনি কেবল উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেবেন না, বরং মানুষের নিত্যদিনের সমস্যার বাস্তবসম্মত টেকসই সমাধান করবেন।
শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় আসন সাতক্ষীরা-৪। চারিদিকে ভোটের আমেজ।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, এই আসনটির মোট আয়তন ১ হাজার ৯৬৮.২৩ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭৭০ জন। ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৮৪৭ জন।
সীমান্তঘেঁষা দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী এই জনপদটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবে দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে। সুপেয় পানির সংকট, বেড়িবাঁধের দুর্বলতা, কৃষি ও মৎস্য খাতে অনিশ্চয়তা এবং কর্মসংস্থানের অভাব এখানকার মানুষের প্রধান উদ্বেগের বিষয়।
স্থানীয় মানুষের স্বপ্নের তালিকা বেশ দীর্ঘ। তারা শুধু রাস্তা আর বিদ্যুৎ নয়, এখন চান স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ আর সুশাসন।
১৬ বছরের দীর্ঘ পথচলায় এই আসনে উন্নয়ন খুব বেশি হয়েছে স্থানীয় মানুষ সেটা মনে করেন না। তাদের দাবি নাগরিক সুবিধা ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আজও তারা পিছিয়ে। তাই উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে প্রয়োজন কেবল অবকাঠামো নয়, একটি জনবান্ধব প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এসব সমস্যা চিহ্নিত থাকলেও কার্যকর ও স্থায়ী সমাধান হয়নি। এখানকার মানুষ স্বপ্ন দেখে একটি পরিপূর্ণ সাজানো-গোছানো দূষণমুক্ত, টেকসই ও নিরাপদ উপ-শহরের, যেখানে উন্নত স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষাব্যবস্থা থাকবে সবার জন্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের আকাঙ্ক্ষা একটাই—আগামীর জনপ্রতিনিধি হবেন জনগণের বন্ধু, যিনি কেবল উন্নয়ন এনে নয়, সমস্যা সমাধান করেও এই সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবেন।
শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা রফিকুল সরদার বলেন, ঘূর্ণিঝড় এলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। আশ্রয়কেন্দ্র আছে, কিন্তু রাস্তাঘাট, বেড়িবাঁধ আর পুনর্বাসনের ব্যবস্থা নেই। আমরা এমন একজন এমপি চাই, যিনি দুর্যোগের সময় পাশে থাকবেন।
একই সুর উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের শিংড়তলী এলাকার বাসিন্দা জুলেখা বিবির কণ্ঠেও। তিনি বলেন, ‘উন্নয়ন মানে শুধু বড় বড় দালান-কোঠা (স্থাপনা) নয়। নিরাপদ পানি, ভালো শিক্ষা আর চিকিৎসা—এই মৌলিক বিষয়গুলো নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।’
এই আসনের তরুণ সমাজও নতুন প্রত্যাশায় মুখিয়ে। কর্মসংস্থান, কারিগরি শিক্ষা এবং আধুনিক কৃষি ও মৎস্য ব্যবস্থাপনার দিকে জোর দেওয়ার দাবি তাদের। কলেজপড়ুয়া শিক্ষার্থী আবু রায়হান জানান, ‘আমরা রাজনীতি নয়, কাজ দেখতে চাই। এমন নেতৃত্ব চাই, যিনি তরুণদের কথা শুনবেন।’
স্থানীয় জলবায়ু কর্মীদের মতে, সাতক্ষীরা-৪ আসন উপকূলীয় বাস্তবতায় ভিন্ন মাত্রার পরিকল্পনা দাবি করে। স্থানীয় জলবায়ু কর্মী হাফিজুর রহমান হাফিজ বলেন, জলবায়ু অভিযোজন, টেকসই বেড়িবাঁধ, লবণসহিষ্ণু কৃষি, মৎস্য খাতে আধুনিকায়ন এবং সুন্দরবননির্ভর মানুষের জীবন-জীবিকার সুরক্ষা—এসব বিষয়কে অগ্রাধিকার না দিলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এখানকার জনগণ মনে করেন, জনপ্রতিনিধি মানে শুধু সেতু, কালভার্ট বা অন্যান্য অনুষ্ঠান উদ্বোধন করা নয়, বরং তাদের পাশে থাকা একজন অভিভাবক। আর আগামীর জনপ্রতিনিধিরা এখন নতুন স্বপ্ন দেখছেন এই আসন নিয়ে। বলছেন, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন হবে জনগণের প্রাপ্তি আর সমস্যা নিরসন করে এই আসন হবে বৈষম্যহীন এক ডিজিটাল আসন।
এই আসনে বিএনপির প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন, শ্যামনগরবাসী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এই জনপদের মানুষ শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত সমাধান চায়। আমি নির্বাচিত হলে সুপেয় পানি সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উপকূলবান্ধব কৃষি ও মৎস্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো হবে।
বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন, তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কৃষি ও মৎস্যখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য। শ্যামনগরকে একটি আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব আসনে পরিণত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
জামায়াত মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় এই আসনের সমস্যা আলাদা, সমাধানও হতে হবে আলাদা পরিকল্পনায়। আমি বিশ্বাস করি, সুশাসন ও নৈতিক নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নিরাপদ পানি, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।
এছাড়াও তিনি বলেন, সুন্দরবননির্ভর মানুষের জীবন-জীবিকা রক্ষা এবং লবণাক্ততা মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। শ্যামনগরকে একটি নিরাপদ ও বাসযোগ্য জনপদে পরিণত করতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করব।
এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তফা আল মামুন (হাজী মনির) হাতপাখা ও জাতীয় পার্টি থেকে অ্যাড. আব্দুর রশিদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তাদের প্রত্যাশা, সুযোগ পেলে সবাইকে সঙ্গে নিয়ে বদলে দেবেন বঞ্চিত এই আসনের চিত্র।
সব মিলিয়ে দীর্ঘ অপেক্ষার পর সাতক্ষীরা-৪ আসনের মানুষ তাকিয়ে আছে এমন এক জনপ্রতিনিধির দিকে, যিনি হবেন জনগণের বন্ধু, দুঃসময়ে ভরসার জায়গা এবং উন্নয়নের পাশাপাশি সমস্যার কার্যকর সমাধানকারী। নতুন দিনের সেই স্বপ্নই এখন ঘুরপাক খাচ্ছে উপকূলের জনপদে।
তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ করা হবে।

মন্তব্য করুন