
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন কেন্দ্র উপজেলার হরিঢালী ইউনিয়নের রহিমপুর আশ্রয়কেন্দ্র সংলগ্ন কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম, ইউপি সদস্য আজিজুল হক খান, আব্দুল গফুর, শংকর বিশ্বাস, বনায়ন সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোড়ল।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। আজ আমরা যে গাছটি রোপণ করছি, তা কেবল একটি উদ্ভিদ নয়, বরং আমাদের আগামী প্রজন্মের টেকসই ভবিষ্যৎ এবং বিশুদ্ধ অক্সিজেনের গ্যারান্টি। প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগানো।
মন্তব্য করুন