
ডেস্ক রিপোর্ট: ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অপারেটররা। পাশাপাশি এলপিজি মজুত, বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এসব প্রস্তাবের ওপর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ও বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ পুনর্নির্ধারণের বিষয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে কোম্পানিগুলোর প্রস্তাব, ব্যয়সংক্রান্ত যুক্তি ও ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। তবে দাম বাড়ানোর বিদ্যমান প্রস্তাব কার্যকর হবে, এমন নয়। গণশুনানিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও প্রস্তাব পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
এলপিজি অপারেটরদের প্রস্তাব অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২ হাজার ১৩৭ টাকা করার কথা বলা হয়েছে। বর্তমানে বিইআরসি নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। সেই হিসাবে প্রস্তাবটি অনুমোদিত হলে প্রতি সিলিন্ডারে ভোক্তার খরচ বাড়বে ৩০০ টাকা। অর্থাৎ, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম এক লাফে প্রায় ১৬ দশমিক ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মাসে একটি সিলিন্ডার ব্যবহারকারী পরিবারের অতিরিক্ত ব্যয় হবে আরও ৩০০ টাকা। যদিও প্রস্তাবিত দাম কার্যকর হবে কি না, তা এখনই নিশ্চিত নয়।

মন্তব্য করুন