
শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় জেলে, বাওয়ালী ও বনজীবীরা অংশ নেন।
মাছ ধরা, কাঁকড়া আহরণ ও বনজ সম্পদ সংগ্রহ সুন্দরবন-উপকূলের মানুষের জীবিকার প্রধান অবলম্বন। জীবিকার তাগিদে প্রতিদিন অসংখ্য জেলে ও বাওয়ালী বনের নদী-খালে প্রবেশ করেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বনদস্যুদের তৎপরতা, অপহরণ ও মুক্তিপণের আতঙ্ক তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ও আয়-রোজগারে নেতিবাচক প্রভাব ফেলছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁদের মতে, উপকূলের মানুষের জীবিকা রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও সমন্বিত অভিযান পরিচালনা করা জরুরি।
স্থানীয় কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, মাস্টার আব্দুর রহিম, মাওলানা এছাহাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, নারী সদস্য ফরিদা পারভীন ও আশিকুর রহমান।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদের আধার নয়, উপকূলের হাজারো পরিবারের জীবন-জীবিকার অবলম্বনও। বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালীরা যাতে বনে যেতে আতঙ্কিত না হন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং বনদস্যু দমনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালীরা নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। #২৮।১০।২৬

মন্তব্য করুন