বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৭ অক্টোবর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

ডেস্ক রিপোর্ট: কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন ডি’অর জিতে তৃতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াস।

স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে লন্ডনে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেইন।

২০২৫-২৬ মৌসুমে গোলের অসাধারণ ধারাবাহিকতাই কেইনকে এই স্বীকৃতি এনে দিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৬১ গোল করেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে তার গোল ১৯টি বেশি। এক মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ গোলসংখ্যা, যা ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা ৬১ গোলের সমান।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে কেইনের গোলসংখ্যা ৭৩। বিশ্বকাপে ইংল্যান্ডকে তৃতীয় স্থান অর্জনে সহায়তা করেন তিনি। অসাধারণ গোল করার স্বীকৃতি হিসেবে পুরুষদের গার্ড মুলার ট্রফিও জিতেছেন এই ইংলিশ স্ট্রাইকার।

পুরস্কার ঘোষণার আগেই ব্যালন ডি’অরের ওয়েবসাইটে কেইনের নাম বিজয়ী হিসেবে উল্লেখ করে একটি নিবন্ধ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। একইভাবে এমবাপ্পে ও ইয়ামালকে বিজয়ী উল্লেখ করেও নিবন্ধ প্রকাশ করা হয়। পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক অনুষ্ঠানে কেইনের হাতেই ওঠে পুরুষদের ব্যালন ডি’অর।

পুরুষদের মূল পুরস্কারে তৃতীয় হয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। দ্বিতীয় স্থানে ছিলেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। পঞ্চম হয়েছেন লিওনেল মেসি, আর চতুর্থ স্থানে ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি।

তবে কোপা ট্রফি জিতে টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ইয়ামাল। ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করার পাশাপাশি ১৭টি গোলে সহায়তা করেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কিশোর খেলোয়াড়দের মধ্যে তার গোল ও গোলে সহায়তার সংখ্যা ছিল সর্বোচ্চ।

বার্সেলোনাকে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। পুরস্কার গ্রহণের পর তিনি সতীর্থ পাউ কুবারসির প্রশংসা করেন। ইয়ামালের মতে, এই পুরস্কারটি কুবারসির প্রাপ্য ছিল। বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

পুরুষদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার অধীনেই বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করে দেশটি।

বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগের সাফল্যের স্বীকৃতি পেয়েছেন গোলরক্ষক উনাই সিমন। পুরুষদের ইয়াশিন ট্রফি জিতেছেন তিনি। বিশ্বকাপে স্পেনের আট ম্যাচে মাত্র এক গোল হজম করেন সিমন। বিশ্বকাপজয়ী কোনো দলের টুর্নামেন্টজুড়ে হজম করা গোলের হিসাবে এটি অন্যতম সেরা রেকর্ড।

নারীদের ব্যালন ডি’অর জিতেছেন আলেক্সিয়া পুতেয়াস। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন বার্সেলোনার সাবেক অধিনায়ক, যিনি বর্তমানে ইংলিশ ক্লাব লন্ডন সিটি লায়নেসের হয়ে খেলছেন। এর আগে আইতানা বোনমাতিও তিনবার নারী ব্যালন ডি’অর জিতেছেন।

বার্সেলোনার কোচ পেরে রোমেউ জিতেছেন নারীদের বর্ষসেরা কোচের পুরস্কার। তার অধীনে লিগে ৩০ ম্যাচের মধ্যে ২৯টিতে জয় পায় বার্সেলোনা। দলটির গোল ব্যবধান ছিল ১২১। নারী গোলরক্ষকদের মধ্যে সেরা হয়েছেন বার্সেলোনার কাতা কোল। লিগে ১৭ ম্যাচে মাত্র ছয় গোল হজম করেন তিনি এবং ১১টি ম্যাচে ক্লিনশিট রাখেন।

নারী বিভাগে বার্সেলোনা জিতেছে বর্ষসেরা ক্লাবের পুরস্কার। পুরুষ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর এই পুরস্কার পায় ফরাসি ক্লাবটি।

নারীদের গার্ড মুলার ট্রফি জিতে ইতিহাস গড়েছেন মেক্সিকো ও পাচুকার স্ট্রাইকার চার্লিন কোরাল। ব্যালন ডি’অর অনুষ্ঠানে এই পুরস্কার জেতা প্রথম মেক্সিকান খেলোয়াড় তিনি।

২০২৬ সালের ব্যালন ডি’অরের বিজয়ীদের তালিকা

পুরুষদের ব্যালন ডি’অর: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)

নারীদের ব্যালন ডি’অর: আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/স্পেন)

পুরুষদের জোহান ক্রুইফ ট্রফি: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

নারীদের জোহান ক্রুইফ ট্রফি: পেরে রোমেউ (বার্সেলোনা)

পুরুষদের কোপা ট্রফি: লামিন ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)

নারীদের কোপা ট্রফি: ভিকি লোপেজ (বার্সেলোনা/স্পেন)

পুরুষদের ইয়াশিন ট্রফি: উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব/স্পেন)

পুরুষদের গার্ড মুলার ট্রফি: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)

নারীদের গার্ড মুলার ট্রফি: চার্লিন কোরাল (পাচুকা/মেক্সিকো)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৩

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৪

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৫

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৬

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

৭

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

৮

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

৯

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১০

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১১

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৩

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৪

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৫

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৬

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

১৭

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

সুন্দরবনের অভয়ারণ্যে পৃথক অভিযান, ২ নৌকাসহ ৭ জেলে আটক

১৯

মোংলায় ১২৫০ টন কয়লা বোঝাই লাইটার ডুবি

২০