
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দিয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুধাংশ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খান এবং কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

মন্তব্য করুন