
ডেস্ক রিপোর্ট: ‘নতুন বাংলাদেশ-চাই নারীর সমঅধিকার ও মর্যাদা’ এই প্রত্যাশাকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্যাপন করেছে সনাক-সাতক্ষীরা।
এ উপলক্ষে রোববার (৮ মার্চ) সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে টিআইবির সহায়তায় কুইজ প্রতিযোগিতা, গণস্বাক্ষর, দুর্নীতিবিরোধী শপথ পাঠ এবং আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
প্রতিযোগিতা শেষে সনাক সদস্য মোমেনা খানমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মোছাঃ সুরাইয়া ইয়াছমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইসমতজাহান সুমনা। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের জেন্ডার বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ভারতেশ্বরী বিশ্বাস।
প্রধান অতিথি মোছাঃ সুরাইয়া ইয়াছমীন বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা ছাড়া একটি ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্মই পারে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে।
বিশেষ অতিথি ডা. ইসমতজাহান সুমনা বলেন, নারী ও কন্যাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদা নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র-সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি ইয়াছিন সিদ্দীক, সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ডা. সুশান্ত ঘোষ, রেবেকা সুলতানা, সৈয়দা সুলতানা শিলা, নার্সিং ইন্সট্রাক্টর তপসী রানী কুন্ডু, অর্চনা প্রভা মিস্ত্রী প্রমুখ।
অনুষ্ঠানে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উপলক্ষে টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য জারিন তাসনিম।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত শিক্ষার্থীদের দিয়ে টিআইবি’র দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য পল্টু বাশার। পাশাপাশি ‘নারীর সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। সবশেষে নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন