
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্ভাবনাময় জেলা সাতক্ষীরাকে জাতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করার আহ্বান জানিয়ে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলার সার্বিক উন্নয়নে ১৬ দফা দাবি তুলে ধরেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর পান্থপথে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার কার্যালয়ে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের উদ্যোগে ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সভাপতি ইকবাল মাসুদ।
সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা আফসার আলী। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি প্রকৌশলী আবুল কাশেম, ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা বকুলুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক স.ম মেহেদী হাসান।
বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সাতক্ষীরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে এই জেলাকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে রূপান্তর করা সম্ভব।
সংবাদ সম্মেলনে ১৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো-সুন্দরবন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, খাদ্য ও মৎস্য প্রক্রিয়াজাত শিল্প স্থাপন, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, রেলপথ সংযোগ সম্প্রসারণ, উপকূলীয় ঝুঁকি মোকাবিলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন।
এছাড়া উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যটন কেন্দ্র উন্নয়ন এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার দাবিও জানানো হয়।
বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে স্বাস্থ্য, পর্যটন ও অবকাঠামো খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
মন্তব্য করুন