
স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাটে-বলে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে তার ব্যক্তিগত নৈপুণ্য দলকে জেতাতে পারেনি।
মিরাজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৯৯ রানে অলআউট হয় গায়ানা।
জবাবে ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান তুলে জয় নিশ্চিত করে বার্বাডোজ। গায়ানার ব্যাটিং বিপর্যয়ের মাঝেও ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরাজ।
২৪ বলে একটি চার ও একটি ছক্কায় ১৮ রান করেন তিনি। গ্লেন ফিলিপসের সঙ্গে তার ২৩ রানের জুটি দলকে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দিলেও বড় সংগ্রহ গড়তে পারেনি গায়ানা।
শেষদিকে রোমারিও শেফার্ডের ২২ রান ছাড়া উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি অন্য ব্যাটাররা।
গায়ানার ইনিংস গুটিয়ে দিতে বার্বাডোজের এএম গাজানফার ও জোহান লেন তিনটি করে উইকেট নেন।
ব্যাটিংয়ের পর বল হাতেও ভূমিকায় ছিলেন মিরাজ। বার্বাডোজের রান তাড়ার ষষ্ঠ ওভারে কুইন্টন ডি কককে বোল্ড করে প্রথম উইকেট তুলে নেন তিনি। পরে ২০ বলে ৩২ রান করা সাদরাক দেসকার্তেকে ফিরিয়ে ভাঙেন ব্রেন্ডন কিংয়ের সঙ্গে তার ৪১ রানের জুটি। সব মিলিয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
তবে মিরাজের বোলিং নৈপুণ্যের পরও বার্বাডোজকে জয় থেকে দূরে রাখা যায়নি। ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের এএম গাজানফার।
এই জয়ে ৯ ম্যাচে ৫টি জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। অন্যদিকে ৯ ম্যাচে ৮ জয় ও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

মন্তব্য করুন