
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আফজাল হোসেন, মো. আবুল কালাম আজাদ, মো. জিয়াউর রহমান, মোস্তফা মোস্তাক আহম্মদ, মো. মনিরুল ইসলাম, আহমাদ সাঈদ, মো. আলাউর রহমান সিদ্দিকী, মো. জাহিদুজ্জামান, মো. ইব্রাহিম খলিল ও মো. ইউনুস আলী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করার লক্ষ্যে তালিকাভুক্ত ৩ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি/টিএসপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন