
উপকূলীয় প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মাটির লবণাক্ততা মোকাবিলা করে নিরাপদ খাদ্য উৎপাদন এবং খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের তেরকাটিরচক গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় কৃষক গোবিন্দ মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রি। আরও উপস্থিত ছিলেন বারসিক এর আব্দুল্লাহ আল মামুন, মো. হাবিবুর রহমান প্রমুখ।
এতে দক্ষিণ শ্রীফলকাটি, তেরকাটির চক, হাঁসার চক এলাকার ৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্যব্যবস্থায় যুবসমাজের ভূমিকা, স্থানীয় ও লবণসহিষ্ণু জাতের বীজ সংরক্ষণ, বিষমুক্ত ও জৈব কৃষিচর্চা এবং নিজস্ব সম্পদ ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি বাজারনির্ভরতা কমিয়ে পারিবারিক ও স্থানীয় পর্যায়ে খাদ্যে স্বনির্ভরতা অর্জন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং কৃষিকে যুবকদের জন্য সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান আলোচকের বক্তব্যে কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রি বলেন, উপকূলীয় এই লবণাক্ত অঞ্চলে টিকে থাকতে হলে নিজেদের বীজ ও খাদ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে। স্থানীয় জাতের বীজ সংরক্ষণ এবং নিজেদের প্রয়োজনীয় খাদ্য নিজেরা উৎপাদনের মাধ্যমে খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সম্ভব। আজকের তরুণ-তরুণীরাই আগামী দিনে এলাকার কৃষি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষক গোবিন্দ মণ্ডল বলেন, পূর্বপুরুষদের কৃষিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে লবণাক্ত জমিতেও সফলভাবে ফসল উৎপাদন করা সম্ভব। কৃষিতে যুবকদের অংশগ্রহণ বাড়ানো গেলে একদিকে যেমন নিরাপদ খাদ্য উৎপাদন বাড়বে, অন্যদিকে উপকূলীয় কৃষি ও জীববৈচিত্র্যও সুরক্ষিত থাকবে।
কর্মশালার শেষপর্যায়ে অংশগ্রহণকারী যুবক-যুবতীরা স্থানীয় বীজ সংরক্ষণ, নিজস্ব বীজ ব্যাংক গড়ে তোলা, জৈব পদ্ধতিতে চাষাবাদ এবং উপকূলীয় পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন