
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের গহীন অরণ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহীনে এই অভিযান পরিচালিত হয়।
এসময় ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গানসহ বিভিন্ন ধরনের অস্ত্র, তাজা কার্তুজ ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, শরবতখালী খালসংলগ্ন বনের গহীনে একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
এ সময় বনের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২টি এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ মজুতকারী ডাকাত দলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনে টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন