
কয়রা প্রতিনিধি: সুন্দরবনের বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকা থেকে হরিণের মাংস, মাথা, পাসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ ৮টি পা, ২টি মাথা এবং ২টি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন