
নদীকে ঘিরেই গড়ে উঠেছে জনপদ, জীবিকা ও মানুষের স্বপ্ন। অথচ সেই নদীই কখনো কখনো কেড়ে নিচ্ছে মানুষের বসতভিটা, শৈশবের স্মৃতি আর বেঁচে থাকার শেষ আশ্রয়।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের বুকজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী, যার প্রবাহের সঙ্গে মিশে আছে এ ভূখণ্ডের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৪০০টি নদী ও তার শাখা-প্রশাখা প্রবাহিত হয়েছে। এসব নদীকে ঘিরেই হাজার বছর ধরে গড়ে উঠেছে মানুষের বসতি, গ্রাম, হাটবাজার, নৌবন্দর আর জীবিকার অসংখ্য ক্ষেত্র। নদীর পাড়ে বসতি গড়ে মানুষ খুঁজে পেয়েছে উর্বর জমি, মাছের চাষ, সহজ যাতায়াত এবং জীবনের নতুন সম্ভাবনা। প্রজন্মের পর প্রজন্ম ধরে নদীর তীরেই গড়ে উঠেছে মানুষের শেকড়। কোথাও নদীর পাড়ে কৃষকের ঘর, কোথাও জেলের ছোট্ট কুঁড়েঘর, কোথাও আবার বিস্তীর্ণ ফসলের মাঠের পাশে গড়ে উঠেছে একেকটি জনপদ।
কিন্তু প্রকৃতির এই আশীর্বাদ সব সময় মানুষের জন্য আশীর্বাদ হয়ে থাকে না। যে নদী একসময় মানুষের জীবন-জীবিকার উৎস ছিল, সেই নদীই কখনো হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় আতঙ্ক। বর্ষা এলেই কোথাও নদীর পানি বাড়ে, কোথাও স্রোতের তীব্রতায় ভাঙতে শুরু করে পাড়। ধীরে ধীরে নদীর বুকে হারিয়ে যায় ফসলি জমি, বসতবাড়ি, গাছপালা, এমনকি পুরো একটি গ্রাম।
একবার ভাবুন, একটি পরিবারের কথা
একদিন যে উঠানে শিশুরা খেলত, যে ঘরে সন্ধ্যা নামলেই জ্বলে উঠত কুপি, হারিকেন কিংবা টেমি বাতি, উঠানের পাশের গাছটিতে বসে পাখিরা কিচিরমিচির করত, পাশের পুকুরে ভোরের সূর্যের আলো পড়ে ঝিলমিল করত সেই বাড়িটিই হয়তো আজ আর নেই। রাতের অন্ধকারে নদীর পাড়ভেঙ্গে ধসে পড়েছে বসতভিটার একাংশ। ঘুম ভেঙ্গে পরিবারের সবাই ছুটে এসেছে বাইরে। কেউ ঘরের চাল খুলছে, কেউ আসবাবপত্র সরাচ্ছে, কেউ সন্তানকে বুকে জড়িয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে। অথচ চোখের সামনে একটু একটু করে নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে তাদের সাজানো সংসার। সকাল হলে সেখানে হয়তো আর কোনো ঘর থাকবে না, থাকবে না উঠানের গাছ কিংবা পরিচিত প্রতিবেশীদের কোলাহল। থাকবে শুধু নদীর পানি আর স্রোতের গর্জন। যে জায়গাটিকে একটি পরিবার নিজের ঠিকানা বলে জানত, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই জায়গাটিই হয়ে উঠবে নদীর অংশ।
নদী কি শুধু মাটি ভাঙে, নাকি মানুষের স্বপ্নও ভেঙে দেয়?
নদীভাঙন শুধু জমি হারানোর ঘটনা নয় এটি মানুষের শৈশব, স্মৃতি, জীবিকা, পূর্বপুরুষের রেখে যাওয়া ভিটেমাটি এবং পরিচিত ঠিকানা হারানোর নির্মম বাস্তবতা। গতকাল যে মানুষটি নিজের জমিতে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, আজ হয়তো তিনিই অন্যের জমিতে আশ্রয়ের সন্ধান করছেন।
নদীভাঙন কোনো একদিনের ঘটনা নয়। কখনো রাতারাতি ভেঙে পড়ে নদীর পাড়, কখনো কয়েক সপ্তাহ ধরে একটু একটু করে সরে যায় বসতভিটার সীমানা। মানুষ দূর থেকে তাকিয়ে দেখে, তার নিজের জমিটুকু ক্রমেই নদীর দিকে এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এমন এক সময় আসে, যখন ঘর সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
ঘর সরিয়ে নেওয়া কি এত সহজ?
একটি পরিবারের কাছে ঘর মানে শুধু চারটি দেয়াল নয়। সেখানে থাকে বাবার হাতে লাগানো গাছ, মায়ের যত্নে সাজানো উঠান, সন্তানের বেড়ে ওঠার স্মৃতি, বিয়ের দিনের আনন্দ কিংবা বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা সংসার। এসব কি কয়েকটি বস্তায় ভরে অন্য কোথাও নিয়ে যাওয়া সম্ভব? তবুও বাস্তবতার সম্মুখীন হতে হয় সেই মানুষগুলোর। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয় ভিটেমাটি হারানোর পর। কেউ আশ্রয় নেন আত্মীয়ের বাড়িতে, কেউ চলে যান পাশের কোনো চরে, আবার কেউ জীবিকার সন্ধানে পাড়ি জমান শহরে কোনো বস্তি কিংবা শিল্পাঞ্চলের শ্রমিক কলোনিতে।
নদীভাঙনকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখলে এর সম্পূর্ণ চিত্র বোঝা যায় না। নদীর স্বাভাবিক গতিপথ, স্রোতের চাপ, পলির পরিমাণ, বন্যা এবং নদীতীরের মাটির গঠন এর সঙ্গে জড়িত। পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলন, নদীশাসনের দুর্বলতা ও পরিবেশগত পরিবর্তনও কোনো কোনো এলাকায় ঝুঁকি বাড়াতে পারে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০২২-২০২৪ মেয়াদের গবেষণা প্রকল্পে নদীভাঙনের ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করতে উপগ্রহচিত্র, গাণিতিক মডেল ও মেশিন লার্নিং ব্যবহার করে পূর্বাভাসের পদ্ধতি তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো ভাঙন শুরু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।
তবে শুধু বাঁধ নির্মাণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হয় না। নদীর ভাঙন ঠেকানোর পাশাপাশি বাঁচাতে হবে মানুষকেও, নদীভাঙন মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা। নদীর পাড়ে বসবাসকারী মানুষ যেন ভাঙন শুরু হওয়ার পর অসহায় হয়ে না পড়েন, সে জন্য প্রয়োজন আগাম সতর্কবার্তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং সহজ শর্তে আর্থিক সহায়তা। একটি পরিবার যখন ভিটেমাটি হারায়, তখন তাদের শুধু কয়েক বান্ডিল টিন বা কিছু টাকা দিয়ে দায়িত্ব শেষ করা যায় না। তাদের প্রয়োজন নতুন করে ঘর বাঁধার সুযোগ, সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা এবং সম্মানজনক জীবিকা। কারণ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ দয়া চায় না তাঁরা চায় বেঁচে থাকার একটি নিরাপদ সুযোগ।
দিন শেষে নদী তার বুকের ভেতর কতটুকু মাটি ধারণ করল, তার হিসাব হয়তো মানচিত্রে লেখা থাকবে। কিন্তু কতটি পরিবার তাদের শৈশব হারাল, কতজন মানুষ পূর্বপুরুষের ভিটা ছেড়ে অচেনা শহরে আশ্রয় নিল, কতটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হলো সেই হিসাব কে রাখবে!!
লেখক: শিক্ষার্থী, আইন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন