
বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে নৌপুলিশের অভিযানে জব্দ হওয়া তাস আগুনে পুড়িয়ে বিনষ্টের সময় আলমগীর হোসেন নামে ৪ বছরের এক শিশু দগ্ধ হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলাউদ্দিন মার্কেটে সবসময় মাদক ও জুয়ার আসর বসে। খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌথানার একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের পর ঘটনাস্থল থেকে তাস, বসার পলিথিন ও বস্তা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দকৃত মালামাল পুড়িয়ে দেয় পুলিশ।
কিন্তু আগুন পুরোপুরি না নিভিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পরে বাচ্চারা ওই স্থানে খেলা করতে গিয়ে লাঠি দিয়ে আগুন খোঁচাতে থাকে। একপর্যায়ে লাঠির মাথায় থাকা পলিথিনসহ কাগজ আলমগীরের বাম হাতে জড়িয়ে যায়। এতে শিশুটির হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলিউজ্জামান আকবর জানান, অভিযান শেষে আগুন নিভিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। কিন্তু বাচ্চারা খোঁচাখুঁচি করার ফলে এই দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন