
আলী আজীম, মোংলা (বাগেরহাট): জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করে। কাজেই জীবাশ্ম জ্বালানি বন্ধ করো। এখনই শতভাগ নবায়নযাগ্য জ্বালানি চাই। জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশ সবচেয়ে কম অবদান রেখেও ভয়াবহ ক্ষতিকর প্রভাবের শিকার। জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানীগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ হিসেবে সাইকেল র্যালি, মানববন্ধন ও সমাবেশে বক্তারা একথা বলেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এই কর্মসূচি আয়োজনে করে।
বৈশ্বিক সংহতি প্রকাশের কর্মসূচির সাইকেল র্যালি, মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।
সমাবেশে বক্তৃতা করেন ধরা’র নেত্রী কমলা সরকার, উদয়ন যুবসংঘের জানে আলম বাবু, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসান, ক্লাইমেট এ্যাশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, পশুর রিভার ওয়াটারকিপার সংগঠক অসীমা মন্ডল, বৃষ্টি সরকার প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে ধরা’র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তথাকথিত উন্নত বিশ্বকে ঋণের পরিবর্তে অনুদান প্রদান করতে হবে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা, অভিযোজন এবং জলবায়ু সংকট সমাধানে অর্থায়ন নিশ্চিত করতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সকল জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য রূপান্তর ঘটাতে হবে।

মন্তব্য করুন