
শ্যামনগর প্রতিনিধি: বাজারে বসে ছিলেন আবু নাঈম। দূরসম্পর্কের এক চাচা ডেকে বললেন, একটা জায়গায় গিয়ে ১০-১৫ মিনিট দাঁড়িয়ে থাকলেই এক হাজার টাকা মিলবে। বাবা দুবার স্ট্রোক করেছেন, সংসারে টানাটানি। তাই আর ভাবেননি ১৯ বছরের এই তরুণ। কিন্তু ‘দাঁড়িয়ে থাকা’র সেই কাজ তাঁকে নিয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলের সামনের সারিতে। এখন তিনি পুলিশের হেফাজতে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে আবু নাঈমকে গ্রেপ্তার করা হয়। সে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের রেজাউল গাজী ও রুবিনা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর কালীগঞ্জ এলাকার একটি সড়কে মশাল মিছিল হয়। মিছিলের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সামনের সারিতে আবু নাঈমকে দেখা যায়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশকে দেওয়া বক্তব্যে আবু নাঈম দাবি করেন, ঘটনার দিন সন্ধ্যায় সাবুদ নামের এক দূরসম্পর্কের চাচা তাঁকে বাজারে ডেকে নেন। মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা সাবুদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি।
আবু নাঈমের ভাষ্য, কালীগঞ্জের আগের একটি সড়কে পৌঁছে তিনি মশাল ও ব্যানার হাতে কিছু লোকের জটলা দেখতে পান। সেখানে তাঁর হাতে মশাল ও ব্যানার ধরিয়ে সামনের সারিতে দাঁড় করানো হয়। বলা হয়, সামনে হাঁটতে হবে।
‘সাবুদ চাচা ছাড়া আমি আর কাউকে চিনি না,’ বলেন আবু নাঈম। তাঁর অভিযোগ, মিছিল শেষে যে টাকার কথা বলা হয়েছিল, তা তাঁকে দেওয়া হয়নি।
আবু নাঈম পুলিশকে জানান, তাঁর বাবা দুবার স্ট্রোক করেছেন। পরিবারের ভরণপোষণের দায়িত্ব তাঁর ওপরই। এই আর্থিক সংকটের কথা ভেবেই তিনি প্রস্তাবে রাজি হয়েছিলেন।
কাজটি যে ভুল ছিল, তা স্বীকার করেছেন আবু নাঈম। পুলিশের কাছে তিনি বলেন, ‘আমি ভুল করেছি। এই ভুল আর কখনো করব না। আমাকে সবাই মাফ করে দেন।’ ভবিষ্যতে এ ধরনের কোনো কাজে যুক্ত হবেন না বলেও জানান তিনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী আবু নাঈমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন