
শ্যামনগর প্রতিনিধি: পতিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর পৌর সদরের বাবলাতলা মোড় থেকে মিছিলটি বের হয়। পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মিছিল শেষে বাবলাতলা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল ও সাবেক যুবদল নেতা আজিজুর রহমান আজিবর বক্তব্য দেন।
পথসভায় বক্তারা বলেন, ১৬ বছর শোষণ, নির্যাতন ও লুটপাট চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা ও তাঁর দোসররা। এখন তাঁরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস’দেখাচ্ছেন। বিগত সময়ে নিজেদের ওপর যে নিপীড়ন ও নির্যাতন হয়েছে, তা উল্লেখ করে বক্তারা বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। তবে আপনারা কোনো বাড়াবাড়ি করলে আমরা চুপ করে ঘরে বসে থাকব না।
বক্তারা জানান, শ্যামনগর উপজেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তৎপর রয়েছেন। পতিত স্বৈরাচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের এসব কর্মকাণ্ড তাঁরা কঠোর হাতে প্রতিরোধ করবেন।
অবরোধের নামে দেশজুড়ে অগ্নিসংযোগ, নাশকতা ও মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, যাঁরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাঁদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। শ্যামনগরে কোনো অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য উপজেলা যুবদল রাজপথে থাকবে।

মন্তব্য করুন