
উপকূলীয় প্রতিনিধি: ‘উপকূল বাঁচলে, বাঁচবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ই নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের সহযোগিতায় সুন্দরবন প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।
সুন্দরবন প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বলা হয়, ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো লাখো মানুষকে স্মরণে এবং উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষা ও ন্যায্য অধিকার আদায়ে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন। উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, পরিতোষ কুমার বৈদ্য, আলামীন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর ইতিহাসের ভয়াবহতম ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এত বছর পরও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ আজও অরক্ষিত। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলবাসী প্রতিনিয়ত নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সাথে লড়াই করে বেঁচে আছে।
বক্তারা আরও বলেন, উপকূলের মানুষের জন্য সাময়িক ত্রাণ নয়, বরং টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়নে আলাদা বোর্ড গঠন করা এখন সময়ের দাবি।

মন্তব্য করুন