
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৬ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হচ্ছে। হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, পবিত্র মাহে রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।
এর আগে মঙ্গলবার দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। এ কারণে বুধবার থেকে নতুন মাসের গণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস পেরিয়ে নবম মাস হিসেবে শুরু হয় পবিত্র রমজান। মুসলমানদের কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত রমজান।
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, প্রতিটি হিজরি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সেই হিসাবে জমাদিউস সানি মাসের শুরু থেকে রমজান শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।
এদিকে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর রোজা শুরু হয়। সে হিসাবে বাংলাদেশে আগামী ১ বা ২ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে।
তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

মন্তব্য করুন