
ডেস্ক রিপোর্ট: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসে ২৪টি মুনাফা করলেও লোকসানে রয়েছে সাতটি। লোকসানে নিমজ্জিত সাত ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সম্মিলিতভাবে লোকসান করেছে ১৫ হাজার ২৫১ কোটি টাকা।
অন্যদিকে মুনাফা করা ২৪ ব্যাংকের সম্মিলিত মুনাফা হয়েছে ৯ হাজার ৪৫৩ কোটি টাকা। ফলে তালিকাভুক্ত ব্যাংকগুলোর সম্মিলিত মুনাফার চেয়ে লোকসান বেশি ৫ হাজার ৭৯৮ কোটি টাকা।
সামগ্রিকভাবে ব্যাংক খাতে লোকসানের পাল্লা ভারী হলেও কয়েকটি ব্যাংক বড় মুনাফা করেছে। একদিকে বড় মুনাফা অন্যদিকে বড় লোকসান- ব্যাংকগুলোর এই বৈপরীত্যের পেছনে খেলাপি ঋণ এবং আমানতকারীদের আস্থার বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
তারা বলছেন, যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি, সেগুলোর প্রতি মানুষের আস্থা কমেছে। ফলে আমানতও ভালো ব্যাংকগুলোর দিকে স্থানান্তরিত হচ্ছে। এতে ভালো ব্যাংকগুলো আরও ভালো করছে।
বিশ্লেষকরা আরও বলছেন, ব্যাংকগুলোর মুনাফা দিয়ে পুরো ব্যাংক খাতের প্রকৃত অবস্থা বোঝা যাবে না। কারণ ব্যাংক খাতের সাফল্য শুধু মুনাফা দিয়ে বিচার করা উচিত নয়, বরং সঞ্চয় সংগ্রহ, উৎপাদনশীল খাতে অর্থায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকগুলোর অবদানও দেখতে হবে। কিন্তু ভালো ব্যাংকগুলোর মুনাফার বড় অংশ আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে। ফলে মূল যে ব্যাংকিং সেটা হচ্ছে না। এটি দেশের অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়।
ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, লোকসানের তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এরপর রয়েছে ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। অন্যদিকে মুনাফার দিক থেকে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক।
লোকসানে ইসলামী, ন্যাশনাল ও এবি ব্যাংক
তথ্য অনুযায়ী, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। ব্যাংকটির শেয়ারসংখ্যা বিবেচনায় মোট লোকসানের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ২৮৬ কোটি টাকা। অথচ ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির আর্থিক ফলাফলে বড় অবনতি হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। ফলে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ব্যাংকটির লোকসানের পরিমাণ বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।
বড় লোকসানের মধ্যে রয়েছে এবি ব্যাংকও। এই প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা। ফলে মোট লোকসান দাঁড়িয়েছে ২ হাজার ৮১৮ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৪ টাকা ৬১ পয়সা। অর্থাৎ বড় লোকসানের মধ্যে থাকলেও আগের বছরের তুলনায় তা কিছুটা কমেছে।
শেয়ারপ্রতি ১৩ টাকা ৪ পয়সা হিসাবে আইএফআইসি ব্যাংকের লোকসান হয়েছে ২ হাজার ৫০৬ কোটি টাকা। রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। এতে মোট লোকসান দাঁড়িয়েছে ৯৯৬ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংক লোকসান করেছে ৫৫৮ কোটি টাকা। আর আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান হয়েছে ৭১ কোটি টাকা।
মুনাফায় এগিয়ে ব্র্যাক ও পূবালী ব্যাংক
মুনাফা করা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭ টাকা ৭০ পয়সা। শেয়ারসংখ্যা বিবেচনায় মোট মুনাফা হয়েছে ১ হাজার ৭৬৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫ টাকা ২৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফায় উন্নতি হয়েছে।
পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ১৫ পয়সা। এতে ব্যাংকটির মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ কোটি টাকা। ২০২৫ সালের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ ব্যাংকটির মুনাফা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সিটি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। ফলে মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৮ কোটি টাকা। প্রাইম ব্যাংক শেয়ারপ্রতি ৫ টাকা ৬২ পয়সা হিসেবে ৬৮৫ কোটি টাকা মুনাফা করেছে।
এছাড়া ইস্টার্ন ব্যাংক ৬৭৪ কোটি টাকা, ডাচ্-বাংলা ব্যাংকের ৬২৪ কোটি টাকা, যমুনা ব্যাংক ৫০২ কোটি টাকা, ব্যাংক এশিয়া ৪৫১ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ৪৪৫ কোটি টাকা, উত্তরা ব্যাংক ৪৩১ কোটি টাকা এবং এনসিসি ব্যাংক ৩৪৮ কোটি টাকা মুনাফা করেছে।
মুনাফা করলেও কয়েকটি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। ঢাকা ব্যাংকের ইপিএস ১ টাকা ৩৩ পয়সা থেকে কমে ১ টাকা ১২ পয়সা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস ১ টাকা ৮৭ পয়সা থেকে কমে ৪৩ পয়সায় নেমেছে। ওয়ান ব্যাংকের ইপিএস ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস ৩৪ পয়সা থেকে কমে ৩ পয়সা হয়েছে।
আট ব্যাংকের ক্যাশ ফ্লো ঋণাত্মক
মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কিছু ব্যাংকের নগদ অর্থেও টান পড়েছে। এর প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকগুলোর ক্যাশ ফ্লোতেও। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ২৩টি ব্যাংকের ক্যাশ ফ্লো ইতিবাচক থাকলেও ৮টির ছিল নেতিবাচক। এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ঋণাত্মক ৩৬ টাকা ১২ পয়সা। ইউসিবির ২০ টাকা ৫৮ পয়সা, ন্যাশনাল ব্যাংকের ৩ টকাা ৪৩ পয়সা, আইএফআইসি ব্যাংকের ৪ টাকা ৪৬ পয়সা, এবি ব্যাংকের ৬ টাকা ৯৪ পয়সা, রূপালী ব্যাংকের ৩ টাকা ৭৭ পয়সা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১ টাকা ৪৩ পয়সা এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৪২ পয়সা শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ঋণাত্মক অবস্থায় রয়েছে।
বিপরীতে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এরআরবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া’র ক্যাশ ফ্লো বড় ধরনের ইতিবাচক অবস্থায় রয়েছে। এই ব্যাংকগুলোর শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ আছে ২০ টাকার ওপরে।
এর মধ্যে পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক এবং সিটি ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ৭০ টাকার ওপরে। এছাড়া ৫০ টাকার ওপরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো আছে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ৩০ টাকার ওপরে রয়েছে।
বেসরকারি খাতে ঋণের চাহিদা অনেক কমে গেছে। দেশে গত ৩৫ বছরের মধ্যে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ব্যবসায়ীদের হাতে অর্থের চাহিদা থাকলেও বিনিয়োগের পরিবেশ না থাকায় তারা ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না।- ফারুক আহমেদ সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান, বিএসইসি
শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ২০ টাকার নিচে এবং ১০ টাকার ওপরে রয়েছে- প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের। ক্যাশ ফ্লো ঋণাত্মক থাকার অর্থ ব্যাংকগুলোতে নগদ অর্থের সংকট রয়েছে। বিপরীতে ক্যাশ ফ্লো অতিরিক্ত থাকার অর্থ ব্যাংকগুলোতে অলস অর্থ পড়ে রয়েছে।
কিছু ব্যাংকের মুনাফা পুরো খাতের চিত্র নয়
ব্যাংক খাতের এমন বৈপরীত্যকে আলাদাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অর্থনীতিবিদ মোহাম্মদ মুসলিম চৌধুরী। সাবেক এই অর্থসচিব জাগো নিউজকে বলেন, ‘ব্যাংক খাত কোনো সাধারণ পণ্য বা সেবাভিত্তিক খাত নয়, এটি অর্থনীতির প্রাণপ্রবাহ। আর্থিক খাত অর্থনীতির প্রকৃত খাত সচল রাখে। যাদের উদ্বৃত্ত সঞ্চয় রয়েছে, ব্যাংক তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। আবার যাদের অর্থের প্রয়োজন, তাদের কাছে সেই অর্থ পৌঁছে দেয়। এভাবে ব্যাংক সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করে এবং অর্থনীতিতে সম্পদের সঠিক বণ্টনে ভূমিকা রাখে।’
তিনি বলেন, ‘কয়েকটি ব্যাংক ভালো মুনাফা করছে বলে পুরো ব্যাংক খাতের অবস্থাকে ভালো বলার সুযোগ নেই। কয়েকটি ব্যাংকের মুনাফার বিপরীতে অন্য ব্যাংকগুলোর বড় অঙ্কের লোকসান থাকলে সামগ্রিক আর্থিক খাতের প্রকৃত অবস্থা মূল্যায়ন করতে হবে। কারণ ব্যাংক খাতের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের সরাসরি সম্পর্ক রয়েছে। ব্যাংক খাত দুর্বল হলে অর্থনীতির প্রকৃত খাতও ক্ষতিগ্রস্ত হয়।’
মুসলিম চৌধুরী বলেন, ‘বর্তমানে ভালো মুনাফা করা ব্যাংকগুলোর কার্যক্রমও গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এসব ব্যাংকের অনেকেই বাছাই করা গ্রাহকদের ঋণ দেয়। প্রতিষ্ঠিত ও তুলনামূলক নিরাপদ গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ার প্রবণতা রয়েছে। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষি ও সাধারণ মানুষের মতো অপেক্ষাকৃত কম সুবিধাপ্রাপ্ত খাতে অর্থায়ন সীমিত। ফলে শুধু মুনাফার অঙ্ক দিয়ে ব্যাংকের কার্যকারিতা কিংবা অর্থনীতিতে তাদের অবদান বিচার করা যায় না।’
সরকারি বিল-বন্ডে বিনিয়োগ মুনাফার বড় উৎস
ভালো ব্যাংকগুলোর মুনাফার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন মুসলিম চৌধুরী। তার মতে, বর্তমানে অনেক ব্যাংকের আয়ের বড় অংশ আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে। অর্থাৎ তারা বেসরকারি খাতে ঋণ বিতরণের পরিবর্তে সরকারের কাছে অর্থ বিনিয়োগ করে আয় করছে।
‘এ ধরনের বিনিয়োগ তুলনামূলক নিরাপদ হলেও ব্যাংকের প্রধান দায়িত্ব শুধু নিরাপদ বিনিয়োগের মাধ্যমে মুনাফা করা নয়। বরং অর্থনীতির উৎপাদনশীল খাতে অর্থায়ন নিশ্চিত করাই ব্যাংকের অন্যতম প্রধান কাজ। ব্যাংকের অর্থ যদি মূলত সরকারি বিল-বন্ডে বিনিয়োগে ব্যবহৃত হয়, তাহলে বেসরকারি খাতে অর্থায়নের ভূমিকা কতটা থাকছে, সেই প্রশ্ন সামনে আসে।’ বলেন এই সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি)।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীও মনে করেন, ভালো ব্যাংকগুলোর মুনাফার বড় উৎস এখন সরকারি ঋণপত্র।
তিনি জাগো নিউজকে বলেন, ‘বেসরকারি খাতে ঋণের চাহিদা অনেক কমে গেছে। দেশে গত ৩৫ বছরের মধ্যে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ব্যবসায়ীদের হাতে অর্থের চাহিদা থাকলেও বিনিয়োগের পরিবেশ না থাকায় তারা ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না।’
‘অন্যদিকে বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংকব্যবস্থা থেকে বিপুল পরিমাণ ঋণ নিচ্ছে। সরকারের অর্থায়নের ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় দেড় লাখ কোটি টাকা ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে সরকার ব্যাংক থেকে অর্থ নিচ্ছে। এসব ঋণপত্রে সুদহার আগে ১২ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত থাকলেও পরে তা কমে প্রায় ৯ শতাংশে নেমেছে। তারপরও ব্যাংকগুলো সরকারের কাছে অর্থ বিনিয়োগ করছে।’ যোগ করেন ফারুক আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, ‘সরকারি ঋণপত্রে বিনিয়োগ ব্যাংকগুলোর জন্য তুলনামূলক নিরাপদ। খেলাপি হওয়ার ঝুঁকি কম এবং সুদও পাওয়া যায়। ফলে অনেক ব্যাংকের মুনাফার বড় অংশ আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদ থেকে। অর্থাৎ মুনাফা বাড়লেও তা সব ক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ বিতরণের মাধ্যমে হচ্ছে না।’
খেলাপি ঋণ ও আস্থার সংকটে দুর্বল ব্যাংক
ব্যাংকগুলোর মুনাফা ও লোকসানের বৈপরীত্যের পেছনে খেলাপি ঋণ এবং আমানতকারীদের আস্থার পার্থক্যকে বড় কারণ হিসেবে দেখছেন ফারুক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, ‘যেসব ব্যাংকের খেলাপি ঋণ অনেক বেশি, সেগুলোর আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। কোনো কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার ৩০ থেকে ৪০ শতাংশ, এমনকি ৭০ থেকে ৮০ শতাংশ ছাড়িয়েছে। এসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় আমানতকারীরা সেখানে টাকা রাখতে আগ্রহ হারাচ্ছেন। ফলে নতুন আমানত আসছে না। অথচ ব্যাংকের পরিচালন ব্যয় ও অন্যান্য খরচ বহন করতে হচ্ছে। নতুন আমানত না আসা এবং ঋণ আদায় করতে না পারায় লোকসান আরও বাড়ছে।’
তিনি বলেন, ‘ব্যাংকিং ব্যবসা মূলত আস্থার ওপর নির্ভরশীল। যে ব্যাংকের প্রতি মানুষের আস্থা নেই, সেখানে আমানত আসবে না। আর আমানত না থাকলে ব্যাংকের পক্ষে স্বাভাবিক ঋণ কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়ে।’
অন্যদিকে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক ভালো ব্যবসা করছে বলে মনে করেন ফারুক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, ‘কয়েকটি ব্যাংকের অবস্থা মোটামুটি ভালো। এর মধ্যে তিন-চারটি ব্যাংকের পারফরম্যান্স বেশ ভালো। এসব ব্যাংকের খেলাপি ঋণের হার তুলনামূলক কম, কোনো কোনো ব্যাংকে তা ৩ থেকে ৪ শতাংশের মধ্যে।’
উৎপাদনশীল খাতে অর্থায়ন না হলে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে না, বিদ্যমান শিল্পের সম্প্রসারণও বাধাগ্রস্ত হবে। এর সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থানে। ব্যাংকের অর্থ শুধু নিরাপদ সরকারি বিনিয়োগে সীমাবদ্ধ থাকলে অর্থনীতিতে ব্যাংক খাতের প্রত্যাশিত অবদান নিশ্চিত হবে না।- মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থনীতিবিদ
তিনি আরও বলেন, ‘যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে গেছে, সেখান থেকে আমানতকারীরা টাকা সরিয়ে তুলনামূলক ভালো ব্যাংকে রাখছেন। অর্থাৎ ব্যাংক খাতে আমানত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরিত হচ্ছে। যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা রয়েছে, সেগুলো নতুন আমানত পাচ্ছে এবং তুলনামূলক ভালো অবস্থানে থাকছে।’
বিনিয়োগ খরা, ব্যাংকে অলস অর্থ
ব্যাংকগুলোতে পর্যাপ্ত আমানত ও তারল্য থাকলেও বেসরকারি খাতে ঋণ বিতরণ বাড়ছে না বলে জানান ফারুক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, ‘দেশে বিনিয়োগের পরিবেশ দুর্বল। বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে গেছে। বিদেশি বিনিয়োগও আসছে না, বরং বিদেশি বিনিয়োগকারীদের অনেকে অর্থ তুলে নিচ্ছেন। ফলে দেশে বিনিয়োগ খরা চলছে।’
তিনি আরও বলেন, ‘সরকারকে ঋণ দেওয়ার পরও ব্যাংকগুলোর হাতে বিপুল পরিমাণ অর্থ অব্যবহৃত পড়ে থাকছে। আনুমানিক চার লাখ কোটি টাকার মতো অলস অর্থ ব্যাংকগুলোতে রয়েছে। বেসরকারি খাতে ঋণের চাহিদা না থাকায় এই অর্থ কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এ কারণে আগে ব্যাংকগুলো মেয়াদি আমানত সংগ্রহে ৯, ১০ বা ১১ শতাংশ পর্যন্ত সুদ দিলেও এখন অনেক ব্যাংক ৭ থেকে সাড়ে ৭ শতাংশের বেশি সুদ দিতে চাইছে না। কারণ, ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত আমানত রয়েছে, কিন্তু সেই অর্থ বিনিয়োগ বা ঋণ হিসেবে বিতরণের সুযোগ কম।’
ফারুক আহমেদ সিদ্দিকীর হিসাবে, বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নেমে এসেছে। গত বছর এ প্রবৃদ্ধি ছিল প্রায় ৪ দশমিক ৭ শতাংশ। ব্যাংকে অর্থ থাকার পরও উদ্যোক্তারা ঋণ নিচ্ছেন না, যা দেশের বিনিয়োগ পরিস্থিতির দুর্বলতার বড় প্রমাণ।
উৎপাদনশীল খাতে অর্থায়ন বাড়ানোর তাগিদ
বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানও বাড়বে না বলে মনে করেন মুসলিম চৌধুরী। তিনি বলেন, ‘উৎপাদনশীল খাতে অর্থায়ন না হলে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে না, বিদ্যমান শিল্পের সম্প্রসারণও বাধাগ্রস্ত হবে। এর সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থানে। ব্যাংকের অর্থ শুধু নিরাপদ সরকারি বিনিয়োগে সীমাবদ্ধ থাকলে অর্থনীতিতে ব্যাংক খাতের প্রত্যাশিত অবদান নিশ্চিত হবে না।’
তিনি আরও বলেন, ‘ব্যাংকের সাফল্য নির্ধারণ করতে হবে অর্থনীতিতে তার অবদান দিয়ে। কতটা সঞ্চয় সংগ্রহ হচ্ছে, কতটা উৎপাদনশীল খাতে অর্থায়ন করা হচ্ছে, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে কী ভূমিকা রাখা হচ্ছে এসব বিষয় বিবেচনায় নিতে হবে। ব্যাংকের মুনাফা, সম্পদ কিংবা নগদ প্রবাহের পরিমাণই সাফল্যের একমাত্র মাপকাঠি হতে পারে না।’
ফারুক আহমেদ সিদ্দিকীর মতে, বিনিয়োগ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাংক খাতের সামগ্রিক অবস্থার উন্নতি হবে না। কারণ, ব্যাংক খাতের প্রকৃত বিকাশ নির্ভর করে বেসরকারি খাতে ঋণ বিতরণ, ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ওপর।’
সূত্র: জাগোনিউজ

মন্তব্য করুন