
বিনোদন ডেস্ক: দেশের কয়েকজন অভিনেত্রীর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন চলতি সময়ের আরেক অভিনেত্রী শবনম ফারিয়া। তার মতে, এসব অভিনেত্রী কাজের মাধ্যমেই নিজেদের পরিচিতি তৈরি করেছেন।
অথচ তাদের কাজ নিয়ে তেমন আলোচনা হয় না। বরং অপ্রয়োজনীয় বিষয় নিয়েই বেশি মেতে থাকেন দর্শকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে এমন আক্ষেপ প্রকাশ করেছেন শবনম ফারিয়া।
তার কথায়, ‘বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি; তারা শুধু অভিনয়টাই করেন, এর বাইরে অপ্রয়োজনীয় বিনোদন দেন না।
তাই তাদের প্রতি আপনাদের আগ্রহ সম্ভবত একটু কম। প্রথমেই আসবে জয়া আহসানের নাম; অসম্ভব সুন্দর দেখতে, অভিনয়ে এবং ব্যবহারে।
অভিনয়ের বাইরে তার পোষ্য আছে, গাছ আছে, বাগানবাড়ি আছে। আর যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন, তারা লক্ষ করলে দেখবেন, তার ব্যাগ আর ঘড়ির কালেকশন, তার জামদানির কালেকশনের চেয়ে সুন্দর।’
এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন ফারিয়া। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজ দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘অভিনয় করার আগে আমি দুটো সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম “৬৯” আরেকটার নাম “স্পর্শের বাইরে”। সেই “স্পর্শের বাইরে”র প্রোটাগনিস্ট সানজিদা প্রীতি। অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যারিয়ারের শুরুতেই আমার “কলিংবেল” নামের একটা সিরিজে অনেকদিন তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনো প্রয়োজনের বাইরে তাকে কথা বলতে দেখিনি।’
নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছেন ফারিয়া। তাকে নিয়ে লেখেন, ‘আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী, যার অভিনয় দেখলে আমার মনে হয় ইশ! আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম! মৌসুমী হামিদ- অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং ওর অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত। খুবই চঞ্চল আর হাসিখুশি একটা মানুষ।’
অভিনেত্রী নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও আলাদা করে লেখেন ফারিয়া। তার মতে, অর্ষার চোখের অভিব্যক্তি অভিনয়ে বিশেষ মাত্রা যোগ করে।
ফারিয়া লেখেন, ‘অভিনয় শুধু সংলাপ দিয়ে হয় না, অনেককিছু লাগে; অর্ষা আপুর চোখ কথা বলে। সুবর্ণা (সুবর্ণা মুস্তাফা) আপার পর এই পার্টিকুলার জিনিসটা শুধু ওনার মধ্যেই দেখেছি। কয়েক বছর আগে, শিহাব ভাই তার একটা নাটক করতে বলেন। শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে হওয়ায় করতে পারিনি। সেই নাটকটা অর্ষা আপু করেছিল। নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভালো হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে। অর্ষা আপু যা করেছে ওই নাটকে, আমি হলে চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না।’
এ ছাড়া আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির নাম উল্লেখ করেছেন ফারিয়া। তার মতে, এসব অভিনেত্রী ভালো অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব দিয়েও সুনাম অর্জন করেছেন।
পোস্টের শেষাংশে দেশের বিনোদন অঙ্গনে আলোচনার ধরন নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘শুধু “জামার দাম লাখ টাকা, দুবাইয়ে ওমুক-তমুক করে” ছাড়া আমাদের দেশে সত্যিকারের ভালো অভিনয় করে, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’
এরপর প্রথম কমেন্ট বক্সে ফারিয়া লেখেন, ‘এখানে আমি আমার পছন্দের অভিনেত্রীদের নাম লিখেছি, যাদের অভিনয় আমার ব্যাক্তিগত ভাবে পছন্দ এবং আমি মনে করি তারা আরো অনেক বেশি কাজ এবং তাদের কাজ নিয়ে আরো অনেক বেশি আলোচনা ডিজার্ভ করে। এখানে সুবর্না আপা, বিপাশা আপা, শমী আপা কিংবা মেহজাবীন এর নাম নাই, কারণ তারা আন্ডাররেটেড না। তারা তাদের কাজের যথাযথ মূল্যায়ন পান।’

মন্তব্য করুন