
ডেস্ক রিপোর্ট: অভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করেছেন স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে তাদের বিয়ে নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলার পর অবশেষে বিষয়টি নিজেই স্বীকার করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের কথা প্রকাশ করেন আসাদ নূর। এ সময় বিয়ের পেছনের উদ্দেশ্য এবং বিষয়টি নিয়ে তৈরি হওয়া আলোচনা-সমালোচনারও জবাব দেন তিনি।
আসাদ নূর জানান, বিষয়টি তারা পরিকল্পিতভাবেই সামনে এনেছিলেন। সমাজে প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং এ নিয়ে মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করাই ছিল তাদের উদ্দেশ্য। এ জন্য বিয়ের বিষয়টি সরাসরি প্রকাশ না করে পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত সামনে এনেছিলেন তারা।
এমনকি ছবি আড়াল করা এবং কিছুটা আড়ালে থাকার মাধ্যমেও মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া দেখেছেন বলে জানান তিনি।
ব্লগার আসাদ নূর বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহের বিষয়টি সামনে আনতেই তাদের এ উদ্যোগ। বিশেষ করে ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাধারাকে নাড়া দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য ছিল।
পারশার পারিবারিক পরিচয় ও বেড়ে ওঠার প্রসঙ্গ তুলে ধরে আসাদ নূর বলেন, পারশা তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের অত্যন্ত আদরের। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তার ক্যারিয়ার, যোগ্যতা ও ব্যক্তিগত অর্জনের প্রতি সম্মান রেখেই তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে যা বললেন আসাদ নূর
বিয়ের আলোচনা ঘিরে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও কথা বলেন আসাদ নূর। তিনি দাবি করেন, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তারা অর্থ বা অনুদান নেননি।
এ সময় জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। আসাদ নূরের ভাষ্য, জুলাই আন্দোলনের সময় পারশা ছিলেন আলোচিত ‘পোস্টার গার্ল’। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরও ক্ষমতার মোহে না জড়িয়ে পারশা জুলাইপন্থিদের সঙ্গে যুক্ত ছিলেন।

মন্তব্য করুন