
মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সব সরকারি খালের লিজ ও বন্দোবস্ত বাতিল এবং অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরা শহরের রয়েল প্লাস কনভেনশন হলে অ্যাডভোকেসি গ্রুপ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেসি গ্রুপের সদস্য সুমাইয়া কামাল।
এতে বলা হয়, দীর্ঘদিন ধরে শ্যামনগরের বিভিন্ন খাল অবৈধ দখল, অনিয়মিত লিজ, বাঁধ ও নেটপাটা স্থাপনের কারণে স্বাভাবিক পানি প্রবাহ হারাচ্ছে। এতে জলাবদ্ধতা, মিঠাপানির সংকট এবং কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এসব খাল পুনরুদ্ধারে ইতোমধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানি করা হয়েছে।
এসব শুনানিতে কৃষক, মৎস্যজীবী, নারী ও সাধারণ মানুষ খালসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, খাল বাঁচলে পানি, কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা বাঁচবে। তাই খাল রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়—এটি উপকূলীয় মানুষের অধিকার, জীবিকা ও অস্তিত্বের প্রশ্ন। তাই শ্যামনগরের সব খাল পুনরুদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এসময় মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী খাল এবং কুলতলী ধানখালী সংযোগ খাল, রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর মৌজার আটকাঠা খাল, সোনাখালী গ্রামের সোনাখালী বিলের খাল, দরগাবাড়ি খাল ও মনোহর খাল, কৈখালী ইউনিয়নের বড় মৌকাটলা খাল, ছোট মৌকাটলা খাল, ভুরুলিয়া ইউনিয়নের নিমতলার খাল, সাধুর হাট খোলার পৈতে খালি খাল, ঈশ্বরীপুর ইউনিয়নের চরাকচর খাল, হাসারচক খাল ও লেবুখালী খাল, আটুলিয়া ইউনিয়নের নগরকাঠি খাল, বাইন বুড়ি খাল, নলবুনিয়া খাল, ঝুরঝুরি খাল, বুড়িগোয়ালিনী ইউনিয়নের শিমনখালীর খাল ও বুড়িগোয়ালিনী খালের অবৈধ দখল উচ্ছেদ, অবৈধ স্থাপনা অপসারণ এবং জনস্বার্থবিরোধী লিজ ও বন্দোবস্ত বাতিলের জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেসি গ্রুপের সদস্য সচিব পিযুষ বাউলিয়া পিন্টু, দেবব্রত ব্যানার্জি, শেখ বকুল হোসেন, মনিরুল ইসলাম, ইমরান হোসেন, নুর হোসেন, পুষ্পরানি মন্ডল, আব্দুল হাকিম, কেয়া পারভীন, ইব্রাহিম খলিল প্রমুখ।

মন্তব্য করুন