
আমার ক্লাসের এক শিক্ষার্থী একদিন খুব নিচু স্বরে বলেছিল, ‘স্যার, বাবা বনে গেলে মা সারা রাত জায়নামাজে বসে থাকেন। ’কথাটির মধ্যে কোনো অভিযোগ ছিল না, ছিল এক গভীর অসহায়ত্ব। ছেলেটি পর্যটন বিষয়ে পড়াশোনা করে। তার স্বপ্ন, একদিন সুন্দরবনের প্রশিক্ষিত পর্যটন গাইড হবে, দেশি-বিদেশি পর্যটকদের বনের গল্প শোনাবে। অথচ যে বনকে ঘিরে তার পেশাগত স্বপ্ন, সেই বনেই জীবিকার সন্ধানে যাওয়া তার বাবার নিরাপদ প্রত্যাবর্তন অনিশ্চিত। সন্তানের কাছে সুন্দরবন হওয়ার কথা বিস্ময়ের, অথচ তার পরিবারের কাছে সেটি প্রিয়জনকে হারানোর আশঙ্কা। একটি বন যখন মানুষের জীবিকার উৎস হয়েও মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না, তখন বুঝতে হবে সংকটটি কেবল অপরাধের নয়; এর শিকড় রাষ্ট্রের কর্তৃত্ব, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নদর্শনের গভীরে।
ঘোষণার আড়ালে বাস্তবতা
২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল। এর আগে ৩২টি বাহিনীর তিন শতাধিক সদস্য অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। নিঃসন্দেহে এটি ছিল রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু অপরাধ দমনের ইতিহাসে একটি মৌলিক সত্য প্রায়ই উপেক্ষিত হয়: অপরাধীকে আত্মসমর্পণ করানো আর অপরাধের সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি নির্মূল করা এক বিষয় নয়।
প্রায় আট বছর পর আবারও সুন্দরবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জেলেদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর থেকে পুরোনো দস্যুদের তৎপরতা বেড়েছে। চলতি বছরের শুরুতে সাতক্ষীরার বনাঞ্চল থেকে ২০ জন জেলে অপহরণের খবর প্রকাশিত হয়। ফেব্রুয়ারিতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীও দস্যুদের পুনরুত্থানের বিষয়টি স্বীকার করেন। জুলাইয়ে ২৭ জন, সেপ্টেম্বরে চার বাহিনীর ৫২ জন এবং অক্টোবরে আরও ১৫ জনের আত্মসমর্পণের খবর এসেছে। অক্টোবরের শেষ সপ্তাহেও শ্যামনগরের একটি খালে গোলাগুলির সংবাদ প্রকাশিত হয়েছে।প্রশ্ন হলো, আত্মসমর্পণ চলছে, অভিযান চলছে, অথচ মানুষের নিরাপত্তাহীনতা কেন কাটছে না?
ম্যাক্স ওয়েবারের রাষ্ট্রতত্ত্বে রাষ্ট্রের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট ভূখণ্ডে বৈধ বলপ্রয়োগের একচ্ছত্র কর্তৃত্ব। সুন্দরবনের গভীরে যখন কোনো সশস্ত্র গোষ্ঠী জেলেদের চলাচল, জীবিকা ও মুক্তিপণের পরিমাণ নির্ধারণ করে, তখন সেখানে শুধু অপরাধের বিস্তার ঘটে না, রাষ্ট্রের কর্তৃত্বও প্রশ্নবিদ্ধ হয়। রাষ্ট্রের উপস্থিতি কেবল প্রশাসনিক কার্যালয় কিংবা অভিযানের সংবাদে প্রমাণিত হয় না; নাগরিকের নিরাপদ জীবনে তার কার্যকারিতা দৃশ্যমান হতে হয়।
থমাস হবস তাঁর ‘লেভায়াথান’ গ্রন্থে নিরাপত্তাকে রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান যুক্তি হিসেবে দেখিয়েছেন। কারণ নিরাপত্তাহীন পরিবেশে মানুষের জীবন হয়ে ওঠে অনিশ্চিত ও বিপন্ন। সুন্দরবনের জেলেদের বাস্তবতা সেই রাজনৈতিক দর্শনেরই এক নির্মম প্রতিচ্ছবি। বনে না গেলে জীবিকা নেই, বনে গেলে নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে স্বাধীনতা কেবল সাংবিধানিক শব্দ হয়ে থাকে, জীবনের বাস্তব অধিকার হয়ে উঠতে পারে না।
প্রকৃতির ক্ষত, সভ্যতার সংকট
সুন্দরবনের বিপদ শুধু মানুষ অপহরণে সীমাবদ্ধ নয়। বনের গভীরে চলছে বন্যপ্রাণী নিধন ও বাস্তুতন্ত্রের ওপর ক্রমবর্ধমান চাপ। চলতি বছরের জানুয়ারিতে সাতক্ষীরা রেঞ্জের একটি এলাকা থেকে হরিণ শিকারের ২১০টি ফাঁদ উদ্ধার করা হয়েছে। একই মাসে শিকারির ফাঁদে আটকে পড়া একটি বাঘিনীকে উদ্ধার করতে হয়েছে। জুনে বাগেরহাটের প্রায় ৩৫ কিলোমিটার এলাকা থেকে এক লাখ ১৪ হাজারের বেশি ফুট ফাঁদ অপসারণের খবর এসেছে। অক্টোবরে প্রকাশিত সংবাদে গত দুই মাসে র্যাবের অভিযানে ৪৩টি হরিণের চামড়া উদ্ধারের তথ্য পাওয়া যায়। এগুলো বিচ্ছিন্ন অপরাধ নয়; প্রকৃতির ভারসাম্যের বিরুদ্ধে সংঘটিত ধারাবাহিক আঘাত।
পরিবেশতত্ত্বের একটি মৌলিক ধারণা হলো বাস্তুতান্ত্রিক আন্তনির্ভরশীলতা। প্রকৃতিতে কোনো প্রাণী বিচ্ছিন্নভাবে বেঁচে থাকে না। হরিণের সংখ্যা কমে গেলে বাঘের খাদ্যসংকট তৈরি হতে পারে। খাদ্যসংকট বাঘকে লোকালয়ের দিকে ঠেলে দিতে পারে। ফলে মানুষ ও বাঘের সংঘাত বাড়ে। অর্থাৎ একটি হরিণের মৃত্যু শেষ পর্যন্ত মানুষের নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে।
অ্যালডো লিওপোল্ডের ‘ল্যান্ড এথিক’ আমাদের শেখায়, মানুষ প্রকৃতির মালিক নয়, বরং বৃহত্তর জীবসমাজের একজন সদস্য। এই দর্শনে সুন্দরবনকে কেবল কাঠ, মাছ, মধু কিংবা পর্যটন আয়ের উৎস হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি জীবন্ত পরিবেশব্যবস্থা, যার প্রতিটি প্রাণ ও উপাদানের নিজস্ব অস্তিত্বমূল্য রয়েছে। সুতরাং সুন্দরবন রক্ষার সাফল্য শুধু কতটি ফাঁদ উদ্ধার হলো কিংবা কতজন শিকারি আটক হলেন, তা দিয়ে পরিমাপ করা যাবে না। বন্যপ্রাণীর সংখ্যা, আবাসস্থলের অবস্থা এবং জীববৈচিত্র্যের পরিবর্তনও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
দস্যুর দড়ি ও ঋণের দড়ি
সুন্দরবনের একজন জেলের জীবন কল্পনা করা যাক। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তিনি নৌকা, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেছেন। কয়েক দিন মাছ ধরার পর অস্ত্রধারীরা তাঁকে অপহরণ করল। মুক্তিপণের অর্থ জোগাড় করতে পরিবার আবার ঋণ করল। জেলে ফিরে এলেন, কিন্তু তাঁর কাঁধে আগের চেয়ে বড় ঋণের বোঝা।
গত বছরের ডিসেম্বরে বিডিনিউজ২৪-এর একটি প্রতিবেদনে অপহৃত জেলেদের সহকর্মীদের বরাতে জানা যায়, তাঁরা সমিতি ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বনে গিয়েছিলেন। তারপর সহকর্মীদের মুক্ত করতে তাঁদের আবার ঋণ করতে হয়েছে।এখানে দস্যুর দড়ি ও ঋণের দড়ি পরস্পরের সঙ্গে জড়িয়ে গেছে। একটি মানুষকে বনের ভেতরে বন্দী করে, অন্যটি তাকে বনের বাইরে এসেও মুক্ত হতে দেয় না।
অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ’ অনুযায়ী, দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়; এটি মানুষের নিজের জীবন বেছে নেওয়ার সক্ষমতা ও স্বাধীনতার সংকোচন। সুন্দরবনসংলগ্ন মানুষের জীবনে এই সংকোচন স্পষ্ট। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, কর্মসংস্থানের অভাব এবং ঋণের চাপ তাঁদের বিকল্প জীবিকার সুযোগ সীমিত করে দিচ্ছে।এ জন্য প্রয়োজন সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ, জীবনবিমা, জরুরি সহায়তা তহবিল এবং দুর্যোগকালীন ঋণের কিস্তি স্থগিত রাখার ব্যবস্থা। মৌচাষ, কাঁকড়া চাষ, হস্তশিল্প, হাঁস-মুরগি পালন ও পর্যটনভিত্তিক ক্ষুদ্র উদ্যোগকে বাজারসংযোগসহ সম্প্রসারণ করতে হবে। দারিদ্র্য কাউকে অপরাধী করে না। কিন্তু বৈধ জীবিকার পথ সংকুচিত হলে অপরাধী চক্র মানুষের অসহায়ত্বকে পুঁজি করার সুযোগ পায়। তাই সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বনজীবীদের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করতে হবে।
পর্যটন অর্থনীতির অদৃশ্য শর্ত
১৯৯৭ সালে ইউনেসকো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল হিসেবে এর আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। অথচ এই অসাধারণ প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক পর্যটন অর্থনীতি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, নিরাপত্তাহীনতা তার বড় অন্তরায়।
পর্যটন অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ‘ডেস্টিনেশন ট্রাস্ট’ বা পর্যটন গন্তব্যের প্রতি আস্থা। একজন বিদেশি পর্যটক শুধু প্রাকৃতিক সৌন্দর্য কেনেন না; তিনি নিরাপত্তা, নির্ভরযোগ্য সেবা ও নিশ্চিন্ত অভিজ্ঞতাও প্রত্যাশা করেন। অপহরণ, গোলাগুলি কিংবা বন্যপ্রাণী নিধনের সংবাদ আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়লে গন্তব্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
এখানে এলিনর অস্ট্রমের ‘কমন পুল রিসোর্স’ তত্ত্ব বিশেষভাবে প্রাসঙ্গিক। তাঁর গবেষণা দেখিয়েছে, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পদের ব্যবস্থাপনায় কার্যকর অংশীদার করা গেলে যৌথ সম্পদের দীর্ঘমেয়াদি সংরক্ষণ সম্ভব। সুন্দরবনের ক্ষেত্রেও বনজীবী, স্থানীয় তরুণ, বন বিভাগ ও পর্যটন উদ্যোক্তাদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
স্থানীয় তরুণদের প্রশিক্ষিত গাইড, নৌযান পরিচালনাকারী, হোমস্টে উদ্যোক্তা ও পরিবেশ সংরক্ষণকর্মী হিসেবে গড়ে তুলতে হবে। যে তরুণ জীবন্ত হরিণ দেখিয়ে পর্যটকের কাছে বনের গল্প বলতে পারেন, তাঁর কাছে হরিণের অস্তিত্বই হয়ে উঠবে জীবিকার সম্পদ। প্রকৃতি সংরক্ষণ তখন আর শুধু প্রশাসনিক দায়িত্ব থাকবে না, হয়ে উঠবে স্থানীয় মানুষের অর্থনৈতিক স্বার্থের অংশ।
অপরাধের বাজার ভাঙতে হবে
দস্যু ও চোরাশিকারিদের শুধু বনের ভেতরে খুঁজলে অপরাধের পূর্ণ চিত্র পাওয়া যাবে না। অস্ত্র সরবরাহকারী কারা, হরিণের মাংস ও চামড়ার ক্রেতা কারা, মুক্তিপণের অর্থ সংগ্রহে কারা যুক্ত, অপরাধের রসদ ও অর্থায়ন কোথা থেকে আসে, এসব অনুসন্ধান জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন বিভাগ ও গোয়েন্দা সংস্থার সমন্বিত তথ্যভিত্তিক নজরদারি গড়ে তুলতে হবে। পাশাপাশি বনে যাওয়া নৌযানে জরুরি সংকেতযন্ত্র ব্যবহারের ব্যবস্থা করা যেতে পারে। বিপদের মুহূর্তে দ্রুত সংকেত পৌঁছানোর প্রযুক্তি অনেক মানুষের জীবন রক্ষা করতে পারে। ২০১৮ সালে আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের কার্যকারিতাও মূল্যায়ন করা প্রয়োজন। আত্মসমর্পণ মানে আইনের দায় থেকে মুক্তি নয়; অপরাধের বিচার অবশ্যই হতে হবে। তবে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কারণ পুনর্বাসন কোনো আনুষ্ঠানিক সনদ নয়, এটি অপরাধ প্রতিরোধে দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় বিনিয়োগ।
যে সকালে ভয় থাকবে না
সুন্দরবনের লোকজ সংস্কৃতিতে বনবিবি অসহায় মানুষের আশ্রয় ও ন্যায়ের প্রতীক। বনবিবির আখ্যান আমাদের মনে করিয়ে দেয়, বনের বিপদ শুধু বাঘের নয়, মানুষের লোভ ও অন্যায়েরও। আজ সেই বনে মানুষ অপহৃত হচ্ছে, হরিণ ফাঁদে মরছে, বাঘ বিপন্ন হচ্ছে। অথচ সুন্দরবনকে বাঁচানো মানে শুধু একটি বন রক্ষা করা নয়; একটি জনপদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ রক্ষা করা।
ইবনে খালদুনের রাষ্ট্রচিন্তার একটি মৌলিক শিক্ষা হলো, রাষ্ট্রের স্থায়িত্ব ন্যায়বিচার ও জনকল্যাণের ওপর নির্ভরশীল। সুন্দরবনের ক্ষেত্রে এর বাস্তব প্রয়োগ চাই পাঁচটি জায়গায়: বনে রাষ্ট্রের অবিচল উপস্থিতি, বন্যপ্রাণী শিকার ও পাচারের চক্র নির্মূল, জেলেদের ঋণমুক্তির কার্যকর ব্যবস্থা, আত্মসমর্পণকারীদের পুনর্বাসন এবং স্থানীয় তরুণদের বন সংরক্ষণ ও পর্যটন অর্থনীতির অংশীদারত্ব।
আমার সেই শিক্ষার্থীর কথা আবার মনে পড়ছে। আমি চাই, একদিন সে প্রশিক্ষিত পর্যটন গাইড হিসেবে সুন্দরবনে যাবে। তার নৌকায় দেশি-বিদেশি পর্যটক থাকবে। সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে বলবে, ‘মা, আজ অনেক মানুষকে সুন্দরবন দেখিয়েছি। এই বন আমাদের জীবিকা দিয়েছে, ভয় দেয়নি।’সেদিন হয়তো তার মা আর জায়নামাজে বসে সন্তানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সারারাত অপেক্ষা করবেন না। সেদিন সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করার প্রয়োজন হবে না। জেলের নিরাপদ প্রত্যাবর্তন, হরিণের নির্ভয়ে বিচরণ, বাঘের স্বাভাবিক আবাস এবং পর্যটকের নিশ্চিন্ত যাত্রাই হবে মুক্তির প্রমাণ। কারণ সুন্দরবনের সবচেয়ে বড় সংকট বনের অন্ধকার নয়, মানুষের জীবনে জমে থাকা অন্ধকার। সেই অন্ধকার দূর করার দায়িত্ব রাষ্ট্রের। বনকে বাঁচাতে হলে বনের মানুষকে বাঁচাতে হবে। আর সুন্দরবনের প্রকৃত মুক্তি ঘটবে সেদিনই, যেদিন জীবিকার সন্ধানে বনে যাওয়া কোনো মানুষকে আর জীবনের নিরাপত্তার জন্য ভাগ্যের ওপর নির্ভর করতে হবে না।

মন্তব্য করুন