
ডেস্ক রিপোর্ট: এখন থেকে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজনে ওই ভিডিও আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। পাশাপাশি মোবাইল কোর্টের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় গঠন করা হবে পৃথক ‘মিডিয়া সেল’।
গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা চালু করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, মোবাইল কোর্টের অভিযানে ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জেএম) শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। ভিডিওর একটি কপি পাঠাতে হবে জেলা পর্যায়ের মিডিয়া সেলেও।
মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা মালামাল যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থান নির্ধারণ করতে হবে।
জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট দায়িত্ব দিতে হবে। এ ছাড়া নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার তৈরি করে মালামাল গ্রহণ ও সংরক্ষণের তথ্য লিপিবদ্ধ করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতি মাসে ওই রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন।
তবে পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন মালামাল দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে এসব মালামাল দ্রুত নিষ্পত্তি করতে হবে।
আপিল মামলায় পিপিদের দায়িত্ব দেওয়া হবে
মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল মামলার শুনানি পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটরদের (পিপি), অতিরিক্ত পিপি বা সহকারী পিপিদের (এপিপি) মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবীকে দায়িত্ব দেবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও বিভাগকে অবহিত করতে হবে।
নিয়োগ দেওয়া হবে মোবাইল কোর্ট সহকারী
জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তরপ্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেবেন।
এ ছাড়া এসব কর্মচারীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের প্রশিক্ষণ সম্পন্ন করবে।
প্রতিটি জেলায় গঠন হবে মিডিয়া সেল
মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় একটি করে মিডিয়া সেল গঠন করা হবে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক বা ম্যাজিস্ট্রেট আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা তথ্য অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও এতে যুক্ত থাকবেন।
মিডিয়া সেল মোবাইল কোর্টের অভিযানের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করবে। পরে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে এসব তথ্য ও চিত্র প্রচারের ব্যবস্থা করবে।
নতুন নির্দেশনার মাধ্যমে মোবাইল কোর্টের অভিযান, জব্দ করা মালামালের ব্যবস্থাপনা এবং আপিলসংক্রান্ত কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন