

বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ প্রান্তজুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিস্তীর্ণ উপকূলীয় জনপদ কেবল কিছু ভূখণ্ড বা দ্বীপের সমাহার নয়; এটি এ দেশের প্রাকৃতিক সুরক্ষাবলয়, অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এবং এক অবিরাম জীবনসংগ্রামের জীবন্ত ক্যানভাস। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই অঞ্চলে বসবাসকারী কোটি কোটি মানুষের নিত্যদিনের সঙ্গী হলো বৈরী প্রকৃতি, প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস, সর্বগ্রাসী নদীভাঙন আর সুপেয় পানির তীব্র সংকট। প্রকৃতির এমন নিষ্ঠুর ও মারমুখী রূপের সঙ্গে লড়েই উপকূলের মানুষকে প্রতিদিন বেঁচে থাকতে হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে গত কয়েক দশকে এই জনপদের সংকট বহুগুণ বেড়ে গেছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলবাসীর জীবন আজ চরম অনিশ্চয়তার মুখে। বিশেষ করে লবণাক্ততার আগ্রাসনে ফসলি জমি নষ্ট হওয়া এবং নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা মানুষ বাধ্য হচ্ছে বাপ-দাদার আবাসভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে। সবকিছু হারিয়ে শূন্য হাতে উপকূলের বুকে টিকে থাকা মানেই যেন এক অবর্ণনীয় বেঁচে থাকার লড়াই।
এই সংগ্রামের ইতিহাস খুঁজতে আমাদের ফিরে তাকাতে হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক অধ্যায়ে। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের ঠিক আগে, ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’ লণ্ডভণ্ড করে দিয়েছিল দক্ষিণ উপকূলীয় অঞ্চল। সেদিন মাত্র কয়েক ঘণ্টার জলোচ্ছ্বাসে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বহু হাসিখুশি জনপদ ও পরিবার। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই ঘূর্ণিঝড়ে ১০ লক্ষাধিক মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। সাগর, নদী ও খালের পাড়ে পড়ে থাকা লাশের সেই ভয়াল দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল।
সেই প্রলয়ের ক্ষত ও শোককে অমর করে রেখেছেন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। ১৯৭০ সালের নভেম্বরের ভয়াবহতার পর তিনি ক্ষতিগ্রস্ত উত্তর মনপুরা ঘুরে ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলাকে ধারণ করেছিলেন তাঁর অমর সৃষ্টিতে। তাঁর সেই বিখ্যাত ২৮ ফুট দীর্ঘ চিত্রকর্ম ‘মনপুরা ৭০’-এ ফুটে উঠেছিল উপকূলের দ্বীপচরসহ বহু এলাকার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে বিরান ভূমিতে পরিণত হওয়ার মর্মস্পর্শী দলিল।
দেশের ৭১৬ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলা ও ১৪৭টি উপজেলার সঙ্গে জড়িত রয়েছে দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষের জীবন। জাতীয় অর্থনীতিতে মৎস্যসম্পদ, কৃষি ও লবণ শিল্পসহ বিভিন্ন খাতের মাধ্যমে উপকূলের অবদান প্রায় ২৫ শতাংশ। অথচ জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে বড় শিকারও আজ এই প্রান্তিক মানুষগুলো।
উপকূলের বহুমুখী সংকট, অপার সম্ভাবনা, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নীতিনির্ধারণী মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বিশেষ দিন ঘোষণা এখন সময়ের সবচেয়ে জোরালো দাবি। দেশের উপকূলীয় সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে একটি নির্দিষ্ট দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইতিহাসের সেই ভয়াল ১২ নভেম্বরকে স্মরণে রেখে এবং উপকূলবাসীর আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে বেসরকারিভাবে ‘উপকূল দিবস’ পালিত হয়ে আসছে। সাধারণ মানুষ ও গবেষকদের এই সামাজিক উদ্যোগ আজ জনদাবিতে রূপ নিয়েছে।
উপকূল বাঁচলে তবেই বাঁচবে বাংলাদেশ। দক্ষিণের এই প্রান্তিক জনপদের সুরক্ষা এবং কোটি মানুষের নায্য অধিকার নিশ্চিত করতে আগামী দিনে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করা হোক—এটাই সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।
লেখক : সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

মন্তব্য করুন