

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাগারে থাকায় কার্যকর জনপ্রতিনিধিত্ব ব্যাহত হচ্ছে দাবি করে আসনটি শূন্য ঘোষণা ও উপনির্বাচনের দাবি জানিয়েছেন শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ দাবিতে আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
বুধবার (১১ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিক সমাজের সভাপতি ও শ্রীফলকাটি মালঞ্চ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গুরুতর নৈতিক বিতর্ক ও মামলার কারণে বর্তমানে কারাগারে রয়েছেন। গত ২১ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় দুই মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। গত ৯ নভেম্বর জাতীয় সংসদেও স্পিকার তাঁর কারাবাসের বিষয়টি অবহিত করেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে শ্যামনগরের মানুষের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। জামায়াতে ইসলামী ইনসাফ, ন্যায়বিচার ও নৈতিকতার রাজনীতির কথা বললেও দলটির মনোনীত সংসদ সদস্যকে ঘিরে এমন পরিস্থিতির পর তাদের রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, শুধু বহিষ্কারের ঘোষণা দিয়ে দলের দায়িত্ব শেষ হতে পারে না। আসনটির ভবিষ্যৎ নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন। জামায়াতের রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে শ্যামনগরের মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা বলেন, সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদে তুলে ধরার জন্য একজন কার্যকর প্রতিনিধি প্রয়োজন।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৩, ১৪ ও ১৫ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। পরে সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও নওয়াবেঁকী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, শ্যামনগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এবং বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তাঁরা কোনো ব্যক্তিগত প্রতিহিংসা চান না; চান জবাবদিহি, সাংবিধানিক সমাধান, কার্যকর জনপ্রতিনিধিত্ব ও শ্যামনগরের উন্নয়ন। জামায়াতের রাজনৈতিক স্বার্থের চেয়ে শ্যামনগরের মানুষের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আজিজ বলেন, গাজী নজরুল ইসলামের ইস্যুটি এখন জামায়াতের কোনো ইস্যু নয়। তাঁর বিষয়ে ইতোমধ্যে দলটি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে। তাঁর সংসদ সদস্য পদের বিষয়টি এখন নির্বাচন কমিশন, সংসদের স্পিকার ও সর্বোপরি রাষ্ট্রের ব্যাপার। আবদুল আজিজ আরও বলেন, গাজী নজরুলের বিষয়টি নিয়ে যাঁরা জামায়াতকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছেন, তাঁরা ভুল করছেন।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দলীয় তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। বহিষ্কারের পর দলটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠিও দেয়। তবে এখন পর্যন্ত তাঁর সংসদ সদস্য পদ বহাল আছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত সংসদীয় দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যের আসন শূন্য হয়। সংবিধান বিশেষজ্ঞদের মতে, তিনি নিজে পদত্যাগ না করলে তাঁর সদস্যপদ শূন্য হবে না। আসন শূন্য ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের। এ ঘটনার পর শ্যামনগরে একাধিক ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশও হয়েছে।

মন্তব্য করুন